ডিসেম্বরে বান্দরবান ভ্রমণে ৬০% ছাড়
ডিসেম্বরে বান্দরবান ভ্রমণে পর্যটকদের জন্য সপ্তাহব্যাপী ৬০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে হোটেল, মাইক্রোবাস-জিপ-পিকআপ ও রেস্তোরাঁ মালিক সমিতি।
আজ মঙ্গলবার বেলা ১১টায় বান্দরবান প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
সম্মেলনে বান্দরবান হোটেল অ্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অমল কান্তি দাশ বলেন, অনেক ত্যাগের ফলে এ মাসে মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি। তাই বিজয়ের আনন্দ ভাগাভাগি করতে বান্দরবান ভ্রমণ প্রত্যাশী সবার জন্য হোটেল, গাড়ি ও রেস্তোরাঁয় ৬০ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ১৩ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত থাকবে এ ছাড়া। এর মধ্যে হোটেলে ৩০ শতাংশ, মাইক্রোবাস-জিপে ২০ শতাংশ এবং রেস্তোরাঁয় ১০ শতাংশ।
তিনি আরও বলেন, যারা অগ্রিম বুকিং দিয়েছেন তাদেরও ছাড়ের এ অংশ ফেরত দেওয়া হবে। সমিতির সবার সিদ্ধান্ত অনুযায়ী এ ছাড়ের সময়সীমা আরও বাড়ানো হতে পারে।
আরও পড়ুনঃ জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে জামায়াত আমির গ্রেফতার





