আফগানিস্তানে হোটেলে সন্ত্রাসী হামলায় নিহত ৩
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি হোটেলে সন্ত্রাসী হামলার ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এছাড়া আরও প্রায় ২১ জন আহত হয়েছেন।
সোমবার বিকালে শাহর-ই নাও এলাকার ওই হোটেলটি লক্ষ্য করে হামলা চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা।
কাবুলের মধ্যাঞ্চলে শাহর-ই নাও এলাকায় কাবুল লঙ্গান হোটেল নামে বহুতল আবাসিক হোটেলটি অবস্থিত। চীনা নাগরিকদের কাছে বেশ জনপ্রিয় হোটেলটি। সোমবার ওই হোটেল ভবন লক্ষ্য করে গুলি চালায় একদল অজ্ঞাত বন্দুকধারী। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, এদিন হোটেলটির ভেতেরে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে। এছাড়া কয়েকটি গুলির শব্দও শোনা যায়।
হামলার পরপরই বন্দুকধারীদের উদ্দেশে পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী। এতে তিন হামলাকারী নিহত হয়। হামলাকারী ছাড়া এ ঘটনায় আরও কেউ নিহত হননি। আহত হয়েছেন ২১ জন। এর মধ্যে হোটেলের বেলকনি থেকে লাফিয়ে পালাতে গিয়ে দুইজন বিদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের শাহর-ই নাও এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাবুল পুলিশের এক মুখপাত্র বলেন, হামলার ঘটনাটি ঘটে বিকাল ২টা ৩০ মিনিটের দিকে। হামলার সময় হোটেলটির মধ্যে সাধারণ মানুষ অবস্থান করছিল। হামলার সঙ্গে সঙ্গে হোটেলের নিরাপত্তা নিশ্চিত করার সর্বাত্মক চেষ্টা করেছে নিরাপত্তা বাহিনী।
আরও পড়ুনঃ পরিবর্তিত হলো প্রাথমিকের বৃত্তি পরীক্ষার তারিখ





