ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালককে গ্রেফতার করেছে র্যাব
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার রাতে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালাকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করেছে র্যাব-১।
এর আগে, মঙ্গলবার রাত ১০টার দিকে দিলীপ কুমার আগরওয়ালার গুলশানের অফিস ঘিরে রাখে র্যাব সদস্যরা। এরপর ওই অফিসে অভিযান শুরু করেন র্যাব কর্মকর্তারা। অভিযানটি এখনো চলমান রয়েছে।
আগে মঙ্গলবার বিকেলে সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. আজাদ রহমান জানান, রাজধানীসহ বিভিন্ন জেলায় নামমাত্র শোরুম দিয়ে ডায়মন্ডের বদলে উন্নত মানের কাচের টুকরো বিক্রি করার অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দীলিপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সিআইডি।
তিনি বলেন, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দীলিপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে সোনা ও হিরা আমদানির নামে বিদেশে অর্থপাচারের অভিযোগ রয়েছে। এই অভিযোগসহ প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে বিভিন্ন জেলায় নামমাত্র শোরুম দিয়ে ডায়মন্ডের বদলে উন্নতমানের কাচের টুকরোকে প্রকৃত ডায়মন্ড হিসেবে বিক্রির অভিযোগও রয়েছে। এসব অভিযোগে অনুসন্ধান শুরু করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম।
আরও পড়ুনঃ পাঁচ মামলায় খালাস পেলেন খালেদা জিয়া





