ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ: ছাত্রদলের বিক্ষোভ, নারী প্রার্থীদের প্রতিবাদ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী ও নেতাকর্মীরা বিভিন্ন ভোটকেন্দ্রে বিক্ষোভ মিছিল করেছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর, ২০২৫) রাত পৌনে ৮টার দিকে ছাত্রদলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের নেতৃত্বে নেতাকর্মীরা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভের সময় তারা ‘সাদিক কায়েম ভোট চোর’, ‘শিবির ভোট চোর’ স্লোগান দেন। তবে, শামসুন্নাহার হলের নারী প্রার্থীরা তাদের বাধা দিয়ে অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দেন। তারা জানান, “এই কেন্দ্রে কোনো কারচুপি হয়নি। আমরা শুরু থেকে কেন্দ্রের আশপাশে ছিলাম। ছাত্রদল হঠাৎ মিথ্যা অভিযোগ এনে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে।”
ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে বাধার মুখে পড়ে আবিদুলের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীরা নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতার দাবি জানান। নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





