টাইব্রেকারে জাপানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া
টাইব্রেকারে জাপানকে ৩-১ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়া।
আল-ওয়াকরাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ষোলর ম্যাচে নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। প্রথমার্ধে জাপানের হয়ে গোল করেন ডেইজেন মিডা এবং দ্বিতীয়ার্ধে ক্রোয়েশিয়ার হয়ে গোলটি পরিশোধ করেন ইভান পেরিসিচ। অতিরিক্ত ৩০ মিনিটেও কোন পক্ষ গোল করতে না পারায় টাইব্রেকারে নিস্পত্তি হয় ম্যাচের ফলাফল।
৪৩ মিনিটে ছোট কর্নারের পর বল ক্রস করেন রিটসু ডোয়ান। বলটি ডি বক্সে মায়া ইউশিদার পায়ে লেগে চলে যায় বক্সের সামনে থাকা ডেইজেন মিডার কাছে। দ্রুত পা চালিয়ে বলটি জালে পাঠাতে ভুল করেননি মিডা (১-০)। অবশ্য অফসাইড সন্দেহ দূর করার জন্য গোলের সিদ্ধান্ত দেয়ার আগে ভিএআর চেক করে নেন কর্তব্যরত রেফারি।
বিরতি থেকে ফিরে গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে ক্রোয়েশিয়া। সফলতা পেতে বেশী সময় লাগেনি। ম্যাচের ৫৫ মিনিটে গোল পরিশোধ করে ক্রোয়েশিয়াকে সমতায় ফিরিয়ে আনেন পেরিসিচ। মাঝমাঠ থেকে ডিয়ান লোভরেনের ক্রসের বল লাফিয়ে উঠে দর্শনীয় প্লেসিং হেডে জাপানের জালে জড়িয়ে দেন তিনি। জাপানের গোল রক্ষক ডান দিকে ঝাপিয়ে পড়ে বলটি প্রতিহত করা চেস্টা করেছিলেন। কিন্তু বলটি তার নাগালের বাইরে দিয়ে বার ঘেষে জালে জড়িয়ে যায় (১-১)।
শেষ পর্যন্ত ৪ মিনিটের ইনজুরি টাইমেও কোন পক্ষ গোল করতে না পারায় অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। কাতার বিশ্বকাপে এটিই ছিল প্রথম অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচ। এই সময়ও কোন পক্ষ গোল করতে না পারায় ট্রাইব্রেকারের মাধ্যমে নির্ধারিত হয় জয় পরাজয়। টুর্নামেন্টের প্রথম টাইরেব্রকারে ক্রোয়েশিয়া ৩-১ গোলে জাপানকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।
আরও পড়ুনঃ জনসভা হয় ময়দানে; জনসভা রাস্তায় হয় না: তথ্যমন্ত্রী





