জনসভা হয় ময়দানে; জনসভা রাস্তায় হয় না: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জনসভা তো হয় ময়দানে। জনসভা তো রাস্তায় হয় না। গাড়িঘোড়া বন্ধ করে মানুষকে আতঙ্কের মধ্যে ফেলে জনসভা করা কোনো দায়িত্বশীল রাজনৈতিক দলের কাজ না।
আজ সোমবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বিএনপির সমাবেশের আগে অভিযান চালিয়ে নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে এমন অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, দেখুন, পহেলা ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিজয় দিবস, একই সঙ্গে সামনে নতুন বছর উদযাপন ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরকার বিশেষ অভিযান পরিচালনা করছে। প্রতিবছরই এমন বিশেষ অভিযান পহেলা ডিসেম্বর থেকে শুরু হয়। সেখানে বিএনপির মধ্যে আছে আগুন সন্ত্রাসীরা, সারা দেশে যারা ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে আগুন সন্ত্রাস চালিয়েছিল, মানুষ হত্যা করেছিল, তারা তো বিএনপির নেতাকর্মী। তাদের কাউকে যদি গ্রেফতার করা হয়, সেটিতে আইনগত বিষয়।
মন্ত্রী বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে গ্রেফতার করা হয়নি। যারা আগুন সন্ত্রাসের জন্য অর্থ দিয়েছিল, হুকুম দিয়েছিল, তাদেরতো এখনো গ্রেফতার করা হয়নি। মানুষ মনে করছে, তাদেরও গ্রেফতার করা দরকার।
বিএনপি এখন কাকরাইল, আরামবাগ কিংবা মতিঝিল এলাকায় সমাবেশ করতে চাচ্ছে এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, আমি টেলিভিশনে দেখেছি, বিকল্প প্রস্তাব পেলে তারা সেটি নিয়েই কাজ করবে। হ্যাঁ, বিকল্প তো আছে।
তিনি বলেন, আওয়ামী লীগের জনসভায় একটু ভোগান্তি হলেই তো কয়েকটি পত্রিকা লিখে যে ‘জনসভায় মানুষের ভোগান্তি হয়েছে’। সেই পত্রিকাগুলোকে এখন বিএনপির রাস্তায় জনসমাবেশ করতে চাওয়া নিয়ে লিখতে দেখি না।
তথ্যমন্ত্রী বলেন, গতকাল আমরা চট্টগ্রামে জনসমাবেশ করেছি, তাতে লাখ লাখ মানুষ এসেছেন। পাঁচ বর্গ কিলোমিটার এলাকা ছিল মানুষে সয়লাব। কিন্তু আমরা ময়দানেই সমাবেশ করেছি। সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের সব বড় সমাবেশ হয়েছে। কিন্তু বিএনপির তা পছন্দ না। তাদের শুধু রাস্তাঘাট পছন্দ। ব্যস্ত রাস্তা, যেখানে জনবসতি ও ব্যবসা বাণিজ্য আছে, সেখানে তাদের পছন্দ। কারণ গাড়িঘোড়া ভাঙচুর করা যাবে, বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন দেয়া যাবে। সে কারণেই তারা রাস্তায় সমাবেশ করতে চাচ্ছে।
আরও পড়ুনঃ বাংলাদেশের অর্থনীতি এখনও স্থিতিশীল : প্রধানমন্ত্রী






টাইব্রেকারে জাপানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া - tathyasangjog
December 5, 2022[…] আরও পড়ুনঃ জনসভা হয় ময়দানে; জনসভা রাস্তায় হয় … […]
বাংলাদেশ বিশ্ব বিনিয়োগের সবচেয়ে আদর্শ জায়গা: প্রধানমন্ত্রী - tathyasangjog
December 5, 2022[…] আরও পড়ুনঃ জনসভা হয় ময়দানে; জনসভা রাস্তায় হয় … […]