‘জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণা’
অন্তর্বর্তী সরকার জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের ‘জাতীয় বীর’ হিসেবে ঘোষণা করে জুলাই ঘোষণাপত্র জারি করেছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই ঘোষণাপত্র পাঠ করেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
ঘোষণাপত্রে বলা হয়, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। শহীদদের পরিবার, আহত যোদ্ধা ও আন্দোলনকারী ছাত্র-জনতার জন্য আইনি সুরক্ষা নিশ্চিত করা হবে।
এছাড়া, গত ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের গুম, হত্যা, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের দ্রুত বিচারের অঙ্গীকার করা হয়েছে।
ঘোষণাপত্রে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলন ও ৫ আগস্ট ঢাকা অভিমুখে লংমার্চের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। এই গণ-অভ্যুত্থানের বিজয়কে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে উল্লেখ করা হয়।
এছাড়া, ছাত্র-গণ-অভ্যুত্থান ২০২৪-এর রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে। পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানে এই ঘোষণাপত্র সন্নিবেশিত হবে বলেও জানানো হয়।





