“জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশের ঈর্ষণীয় সাফল্য রয়েছে”
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতিতে আমরা সকলে একসাথে কাজ করে দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে সক্ষম হয়েছি। জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশের ঈর্ষণীয় সাফল্য রয়েছে।
আইজিপি আজ শুক্রবার সুনামগঞ্জে শহর পুলিশ ফাঁড়ির নবনির্মিত চারতলা ডরমেটরি ভবন ও প্যাথলজিক্যাল ল্যাব উদ্বোধন এবং পুলিশ অফিসার্স মেস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ দীর্ঘদিন পেশাদারিত্বের সাথে জনগণকে নিরাপত্তা দিয়ে আসছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নির্বাচনী দায়িত্বও যথাযথভাবে নিষ্ঠার সাথে পালন করছে।
তিনি বলেন, বাংলাদেশ পুলিশের জনবল, ইকুইপমেন্ট, লজিস্টিকস ও প্রশিক্ষণ রয়েছে। আমরা নির্বাচনী দায়িত্বপালনসহ আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সক্ষম।
তিনি বলেন, পুলিশ জনগণকে সেবা দিয়ে গর্ববোধ করে। পুলিশ জনগণকে আরও সেবা দিতে ও জনগণের কল্যাণে কাজ করতে চায়।





