চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার
রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বাংলাদেশে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না।
ৃতিনি জোর দিয়ে বলেন, ‘মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় চাঁদাবাজির প্রবণতা বেশি লক্ষ্য করা যায়। যত বড় চাঁদাবাজই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেয়া হবে না।’
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে, চাঁদাবাজি নিয়ন্ত্রণে কোনো চাপ রয়েছে কি না, তিনি বলেন, ‘চাঁদাবাজির ক্ষেত্রে কোনো ধরনের চাপ নেই। আপনারা যদি কোনো চাঁদাবাজকে চিহ্নিত করেন, তৎক্ষণাৎ আমাদের জানান। আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসব। এজন্য জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। চাঁদাবাজদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন।’
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত সময়সূচি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘জনগণ যদি নির্বাচনমুখী হয়, তবে কেউ তা বন্ধ করতে পারবে না। আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বদ্ধপরিকর।’
বাজার পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে শাক-সবজির দাম কিছুটা বেড়েছে। তবে, বাজার স্বাভাবিক রয়েছে।
তিনি উল্লেখ করেন, ‘আলুর পর্যাপ্ত মজুত রয়েছে। কিন্তু পাইকারি থেকে খুচরা বাজারে পৌঁছানোর সময় দাম বেড়ে যাচ্ছে। মধ্যস্বত্বভোগীরা এর সুবিধা নিচ্ছে, কিন্তু কৃষকরা ন্যায্য দাম পাচ্ছে না।’
তিনি মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমাতে বাজার ব্যবস্থাপনা জোরদার করার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যবসায়ীদের সঙ্গেও মতবিনিময় করেন এবং বাজারে শৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন। তিনি জনগণের প্রতি আহ্বান জানান, যেকোনো ধরনের অনিয়ম বা চাঁদাবাজির তথ্য সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে।





