খিলক্ষেত থেকে ডাচ্-বাংলা ব্যাংকের ছিনতাই হওয়া ৩ ট্রাংক টাকা উদ্ধার
রাজধানীর তুরাগ থেকে ছিনতাই হওয়া ডাচ্-বাংলা ব্যাংকের চার ট্রাংক টাকার মধ্যে তিন ট্রাংক টাকা খিলক্ষেত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে এই টাকা উদ্ধার করে ডিবির সদস্যরা। এ সময় টাকা ছিনতাইয়ে ব্যবহৃত হাইয়েস গাড়িটিও জব্দ করা হয়। ঘটনাকে পরিকল্পিত ডাকাতির ঘটনা বলছে ডিবি।
ছিনতাইয়ের পর ব্যাংক কর্তৃপক্ষ দাবি করে, গাড়িটিতে চারটি ট্রাংকে ১১ কোটি ২৫ লাখ টাকা ছিল।
এরআগে, বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উত্তরা ১৬ নম্বর সেক্টরের তুরাগ ব্রিজ সংলগ্ন এলাকা থেকে মানি প্ল্যান্ট’ নামে একটি বেসরকারি সিকিউরিটি প্রতিষ্ঠানের গাড়ি থেকে টাকা ছিনতাই করা হয়। সাভার ইপিজেড এলাকার ডাচ্-বাংলা ব্যাংকের বিভিন্ন বুথে টাকা দেয়ার জন্য রওনা হয়েছিল ‘মানি প্ল্যান্ট’ নামে একটি বেসরকারি সিকিউরিটি প্রতিষ্ঠানের গাড়িটি। মিরপুর ডিওএইচএস থেকে রওনা হয়ে গাড়িটি তুরাগ এলাকায় পৌঁছালে ছিনতাইকারীদের কবলে পড়ে।
পরে ট্রিপল নাইনে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। থানা পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা এই ডাকাতির ছায়া তদন্ত শুরু করে। ঘটনার ১০ ঘণ্টা পর ডিবি পুলিশ জানায়, রাজধানীর খিলক্ষেত থেকে ডাকাতি হওয়া টাকা বহনকারী হাইয়েস গাড়িটি উদ্ধার করেছে তারা। গাড়িতে টাকা ভর্তি তিনটি ট্রাংক পাওয়া গেছে।
আরও পড়ুনঃ শেখ মুজিব শিল্প-সংস্কৃতি বিকাশেও ছিলেন সদানিবেদিত প্রাণ: তথ্যমন্ত্রী





