এই সপ্তাহে ওটিটির নতুন হিট! ঝড় তুলছে এশা মার্ডার, হাউসফুল ৫, ব্ল্যাক ব্যাগ
প্রতি সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে নতুন নতুন সিনেমা, ওয়েব সিরিজ, তথ্যচিত্র ও রিয়েলিটি শো। এই সপ্তাহে মুক্তি পেয়েছে ও মুক্তির অপেক্ষায় আছে এমন কিছু আকর্ষণীয় কনটেন্ট। চলুন জেনে নিই এই সপ্তাহের (১ আগস্ট ২০২৫) সেরা ওটিটি রিলিজগুলো।
১. এশা মার্ডার: কর্মফল
ধরন: সিনেমা
স্ট্রিমিং: বিঞ্জ
দিনক্ষণ: চলমান
বিবরণ: একটি নৃশংস খুনের ঘটনা নিয়ে পুলিশি তদন্তের গল্প। খুনি শুধু খুন করেই ক্ষান্ত হয়নি, কেটে নিয়েছে ভুক্তভোগী তরুণীর মাথা। এই রহস্যের জট খুলতে মাঠে নামেন পুলিশ কর্মকর্তা লীনা (আজমেরী হক বাঁধন)। তদন্তে সামনে আসে একের পর এক গোপন সত্য। সানী সানোয়ার পরিচালিত এই থ্রিলার সিনেমাটি গত ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল এবং এখন বিঞ্জে স্ট্রিমিং হচ্ছে। অভিনয়ে আরও আছেন পূজা ক্রুজ, শরীফ সিরাজ, ফারুক আহমেদ ও সৈয়দ এজাজ আহমেদ।
২. কনভারসেশন উইথ কিলার: দ্য সন অব স্যাম টেপস
ধরন: তথ্যচিত্র
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: ১ আগস্ট
বিবরণ: নেটফ্লিক্সের জনপ্রিয় তথ্যচিত্র সিরিজ ‘কনভারসেশন উইথ আ কিলার’-এর চতুর্থ কিস্তি। এবার ফোকাসে ১৯৭০-এর দশকের নিউইয়র্কের কুখ্যাত ক্রমিক খুনি ডেভিড বারকোউইটজ, যিনি ‘সন অব স্যাম’ নামে পরিচিত। তথ্যচিত্রটি তার অপরাধের অজানা দিক ও সমাজে এর প্রভাব তুলে ধরে। জো বারলিঙ্গার পরিচালিত এই তথ্যচিত্র নেটফ্লিক্সে আজ থেকে স্ট্রিমিং শুরু হয়েছে।
৩. হাউসফুল ৫
ধরন: সিনেমা
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: ১ আগস্ট
বিবরণ: জনপ্রিয় ‘হাউসফুল’ ফ্র্যাঞ্চাইজির পঞ্চম কিস্তি। এক ধনকুবেরের ১০০তম জন্মদিনের উৎসবের আগে বিলাসবহুল প্রমোদতরিতে তিনি খুন হন। এই হত্যার পেছনের রহস্য কী? তরুণ মনসুখানি পরিচালিত এই কমেডি-থ্রিলার সিনেমায় অভিনয় করেছেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, চিত্রাঙ্গদা সিং, জ্যাকুলিন ফার্নান্দেজ ও নার্গিস ফখরি। ১ আগস্ট থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে ফ্রি স্ট্রিমিং শুরু হয়েছে।
৪. ব্ল্যাক ব্যাগ
ধরন: সিনেমা
স্ট্রিমিং: জিওহটস্টার
দিনক্ষণ: চলমান
বিবরণ: স্টিভেন সোডারবার্গ পরিচালিত এই স্পাই থ্রিলারটি গত ১৪ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। গল্পে গোয়েন্দা কর্মকর্তা ক্যাথরিন উডহাউসের (কেট ব্ল্যানচেট) বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ ওঠে। তার গোয়েন্দা এজেন্ট স্বামী (মাইকেল ফাসবেন্ডার) পড়েন দ্বন্দ্বে—দেশের পক্ষে থাকবেন, না স্ত্রীর? নাটকীয় এই গল্পে আরও অভিনয় করেছেন নওমি হ্যারিস ও পিয়ার্স ব্রসনান। জিওহটস্টারে এখন স্ট্রিমিং চলছে।
৫. চিফ অব ওয়ার
ধরন: ওয়েব সিরিজ
স্ট্রিমিং: অ্যাপল টিভি প্লাস
দিনক্ষণ: ১ আগস্ট
বিবরণ: ঊনবিংশ শতাব্দীর হাওয়াইয়ের পটভূমিতে নির্মিত এই ঐতিহাসিক সিরিজে কেন্দ্রীয় চরিত্রে আছেন জেসন মোমোয়া। তিনি একজন হাওয়াইয়ান যোদ্ধা, যিনি উপনিবেশবাদের বিরুদ্ধে দ্বীপগুলোকে একত্রিত করতে রক্তক্ষয়ী অভিযানে নামেন। ৯ পর্বের এই সিরিজের প্রথম দুই পর্ব আজ মুক্তি পাচ্ছে, বাকি পর্বগুলো ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে মুক্তি পাবে। সিরিজটির সহ-নির্মাতা টমাস পা সিবেট।
৬. বাকাইতি
ধরন: সিনেমা
স্ট্রিমিং: জিইই৫
দিনক্ষণ: ১ আগস্ট
বিবরণ: পুরোনো গাজিয়াবাদের পটভূমিতে নির্মিত এই হৃদয়স্পর্শী কমেডি-ড্রামা। একটি পরিবার অতিরিক্ত আয়ের জন্য তাদের বাড়ির একটি কক্ষ ভাড়া দেয়, কিন্তু নতুন ভাড়াটিয়া এসে তাদের জীবনে অপ্রত্যাশিত ঘটনার সূচনা করে। রাজেশ তাইলাং ও শীবা চাড্ডা অভিনীত এই সিনেমাটি ১ আগস্ট থেকে জিইই৫-এ স্ট্রিমিং শুরু হয়েছে।
৭. থাম্মুদু
ধরন: সিনেমা
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: ১ আগস্ট
বিবরণ: নিথিন অভিনীত এই তেলুগু অ্যাকশন-ড্রামা সিনেমাটি গত ৪ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। গল্পে একজন দক্ষ কিন্তু মানসিকভাবে ভারাক্রান্ত তীরন্দাজ তার অপহৃত বোনকে উদ্ধার করতে বিপজ্জনক অপরাধী সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াইয়ে নামেন। তেলুগু, তামিল, মালায়ালাম ও কন্নড় ভাষায় নেটফ্লিক্সে ১ আগস্ট থেকে স্ট্রিমিং শুরু হয়েছে।





