ইমরান খানকে সামরিক আইনে বিচারের ইঙ্গিত দেশটির সেনাবাহিনীর
পাকিস্তানের সেনাবাহিনী সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খানকে সামরিক আইনে বিচার করার ইঙ্গিত দিয়েছে।
বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এসব কথা বলেন।
সেই সঙ্গে সতর্ক করে বলেছে, ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য সামরিক বাহিনীর সদস্যদের ব্যবহার করলে আইনি পদক্ষেপ নেয়া হবে।
ডনের প্রতিবেদন মতে, সেনাবাহিনীর মুখপাত্র বলেন, সামরিক আইনে বলা আছে, কেউ যদি এই আইনের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করেন কিংবা এ ধরনের কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে এই আইনে ব্যবস্থা নেয়া যাবে।
সংবাদ সম্মেলনে আহমেদ শরিফ চৌধুরীর কাছে জানতে চাওয়া হয়, ইমরান খানকে সামরিক আইনে বিচারের মুখোমুখি করার সম্ভাবনা আছে কি না। তবে প্রশ্নটি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন এই সেনা কর্মকর্তা। তিনি বলেন, এটা আদালতের বিবেচনার বিষয়। সাংবাদিকের এ ধরনের প্রশ্নকে তিনি পূর্বানুমান বলে উল্লেখ করেন।
আরও পড়ুনঃ পুলিশের সাবেক মহাপরিদর্শক শহিদুল হক ও আবদুল্লাহ আল মামুন গ্রেফতার





