ইন্দোনেশিয়ায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত ১২
ইন্দোনেশিয়ায় একটি নিকেল কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
আজ রোববার ভোরে দেশটির মধ্য সুলাওয়েসি প্রদেশের মোরোয়ালি শিল্প পার্কে এই দুর্ঘটনা ঘটে।
শিল্প পার্কের মুখপাত্র ডেডি কুর্নিয়াওয়ান এক বিবৃতিতে জানিয়েছেন, স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে পিটি ইন্দোনেশিয়া সিংশান স্টেইনলেস স্টিল কারখানায় বিস্ফোরণ ঘটে।
এতে হতাহতের সংখ্যা ৫১ জন। এ পর্যন্ত ১২ জন মারা গেছেন। আহত ৩৯ জন বর্তমানে চিকিৎসা নিচ্ছেন।
বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় সাতজন ইন্দোনেশীয় এবং পাঁচজন বিদেশি কর্মী মারা গেছেন। তবে নিহত বিদেশিরা কোন দেশের নাগরিক তা জানানো হয়নি।
প্রাথমিক তদন্তে দেখা গেছে, একটি চুল্লি মেরামতের সময় দুর্ঘটনাটি ঘটে। মেরামতের কাজ চলাকালে একটি দাহ্য তরলে আগুন ধরে গেলে তীব্র বিস্ফোরণ ঘটে। পরবর্তীতে কাছাকাছি থাকা অক্সিজেন ট্যাংকগুলোও বিস্ফোরিত হয়।
বিস্ফোরণে সৃষ্ট আগুন এরই মধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে। শিল্প পার্ক পরিচালনাকারী সংস্থাটি বলেছে, এই বিপর্যয়ের জন্য তারা গভীরভাবে দুঃখিত।
আরও পড়ুনঃ “ষড়যন্ত্র হচ্ছে; কিন্তু এদেশে আর ওয়ান ইলেভেন হবে না”





