আর্জেন্টিনার হেড কোচ হিসেবে ২০২৬ সাল পর্যন্ত থাকছেন স্কালোনি
আর্জেন্টিনার হেড কোচ হিসেবে লিওনেল স্কালোনি থাকবেন ২০২৬ সালে মেক্সিকো-কানাডা-যুক্তরাষ্ট্র আয়োজিত বিশ্বকাপেও। টুইটবার্তায় বিষয়টি জানিয়েছেন এএফএ-এর প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়া।
এর আগে লিওনেল মেসির জোড়া গোলে জ্যামাইকাকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। কোচ হিসেবে সবমিলিয়ে এখন পর্যন্ত আর্জেন্টিনাকে ৪০টি ম্যাচ কোচিং করিয়েছেন স্কালোনি।
এর মধ্যে জয় পেয়েছেন ২৬ ম্যাচে, ড্র হয়েছে ১০টি আর পরাজয় মাত্র চার ম্যাচে। সবশেষ ৩৬ ম্যাচে আর্জেন্টিনা পরাজয়ের মুখ দেখেনি। যা কি না দেশটির ইতিহাসে সবচেয়ে লম্বা অপরাজিত যাত্রা। তার অধীনেই প্রায় ২৭ বছর পর ২০২১ সালে কোপা আমেরিকার শিরোপা জেতে আর্জেন্টিনা। ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে ফাইনালিসিমাও জিতেছে মেসিরা।
বোধহয়, জয়ের উপহারসরূপই এক টুইটবার্তায় তাপিয়া লিখেছেন, ‘আপনাদের সবাইকে গর্বের সঙ্গে জানাচ্ছি যে, লিওনেল স্কালোনিকে ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত হেড কোচ হিসেবে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এএফএ।’
Me enorgullece contarles que hemos arreglado la continuidad de Lionel Scaloni como DT de Argentina hasta el mundial de 2026. Seguimos apostando al proyecto integral de selecciones. Hay Scaloneta para rato!! pic.twitter.com/64Cvg6EmSN
— Chiqui Tapia (@tapiachiqui) September 28, 2022
প্রেসিডেন্ট লিখেছেন, ‘জাতীয় দলের চলমান প্রজেক্টের ওপর আমরা আস্থা রাখছি। আরও কিছু সময় এই দলে স্কালোনেটা চলবে।’
প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ সেপ্টেম্বর আর্জেন্টিনার হেড কোচ হিসেবে দায়িত্ব নেন স্কালোনি।





