আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি পালানো আমাদের ব্যর্থতা: র্যাব মহাপরিচালক
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, আমরা আত্মসমালোচনায় বিশ্বাস করি। আমি অবশ্যই আমার দুর্বলতা থাকলে স্বীকার করবো। দুই জঙ্গি পালিয়ে গেছে, এটা আমাদের ব্যর্থতা।
আজ শুক্রবার আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে সকালে সোহরাওয়ার্দী উদ্যান ভেন্যু পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র্যাব মহাপরিচালক।
এম খুরশীদ হোসেন বলেন, ‘দুই জঙ্গি পালানো আমাদের ব্যর্থতা। আমাদের অভিযান চলছে। জঙ্গি তৎপরতা যেমন আছে, আমাদের অভিযানও আছে।’
র্যাব ডিজি আরও বলেন, জঙ্গি তৎপরতা অব্যাহত আছে, কিন্তু আমরাও আমাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। পাহাড়ি এলাকায় যে একটা জঙ্গি সংগঠনের প্রশিক্ষণ চলছিল, সেটা আমরা ক্যাপচার করে ফেলেছি। সুতরাং তারা তেমন কিছু করার সুযোগ পাবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না।
এদিকে আওয়ামী লীগের সম্মেলনে নিরাপত্তা প্রস্তুতি বিষয়ে তিনি বলেন, সম্মেলন উপলক্ষে এখানে বিভিন্ন পয়েন্টে র্যাবের স্ট্রাইকিং ফোর্স, পেট্রোল পার্টি থাকবে। ডগ স্কোয়াডের মাধ্যমে সুইপিং করা হবে। বোম্ব ডিসপোজাল টিম, সাদা পোশাকে সদস্যরা মোতায়েন থাকবে এবং আমাদের কমান্ডো টিম প্রস্তুত থাকবে। অর্থাৎ যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এবং সম্মেলনের সার্বিক নিরাপত্তার জন্য র্যাব ফোর্সেস সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।
নিরাপত্তার আশঙ্কা রয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, আমরা আশঙ্কার কথা বলছি না। আমরা মনে করি ন্যাশনাল যে কোনো ইভেন্ট বা এ ধরনের সম্মেলন বা মিটিং গুরুত্বপূর্ণ ইভেন্ট নিরাপত্তা ব্যবস্থাকে চিন্তাভাবনা করেই আমাদের প্রস্তুতি রয়েছে। আমরা চাই যে কোনো একটা অনুষ্ঠান যেন স্মুথলি হতে পারে। সবাই নিরাপত্তার সাথে আসবে এবং নিরাপদে চলেও যাবে।
সম্মেলন ঘিরে যে কোনো ধরনের ঝামেলা এড়াতে এবং বহিরাগত কোনো অপশক্তি যেন বিশৃঙ্খলা করতে না পারে, এ দিকগুলো মাথায় রেখেই নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুনঃ ২২ জানুয়ারি প্রাথমিকের সাড়ে ৩৭ হাজার সহকারী শিক্ষকের পদায়ন





