আজ থেকে পরিবহনে কোনো চাঁদাবাজি চলবে না
পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম বলেছেন, নির্বাচনের আগেও আমি বলেছিলাম, আমি নির্বাচিত হলে নান্দাইলে পরিবহনে কোনো চাঁদাবাজি চলবে না। এখন আমি নির্বাচিত হয়ে বলছি, আজ থেকে সড়কে কোনো রিকশা, অটোরিকশা, বাস, ট্রাকে চাঁদাবাজি চলবে না।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) উপজেলার চন্ডিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
চালকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনারা সবসময় সড়ক আইন মেনে গাড়ি চালাবেন, যেন সড়কে কোনো দুর্ঘটনা না ঘটে। কেউ চাঁদা চাইলে আমাদের জানাবেন, আমরা আইনগত ব্যবস্থা নেবো। চাঁদাবাজদের চিহ্নিত করা না গেলে পরিবহনে চাঁদাবাজি বন্ধ করা যাবে না। চাঁদা বন্ধে আমি আপনাদের সহযোগিতা চাই।’
তিনি বলেন, ‘আমি মন্ত্রী হয়ে যতটুকু খশি হয়েছি, তার চেয়ে বেশি খুশি হয়েছে আপনাদের (এলাকাবাসী) আনন্দ দেখে। আমি চেষ্টা করবো উপজেলার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আপনাদের কথা শুনতে। এখন থেকে আমার এলাকায় কোনো হয়রানি, অত্যাচার ও অনাচার চলবে না। কোনো চাঁদাবাজি হবে না। যেসব রাস্তায় মাটি কাটা হয়নি সেসব রাস্তায় মাটি সঠিকভাবে কাটা হবে। যেসব সড়ক সংস্কার করা দরকার সেগুলো সংস্কার হবে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নেও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’





