আগামী নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকবে: পিটার হাস
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, সব রাজনৈতিক দলকে আমরা যে বার্তা দিয়েছি, এখানেও সেই কথা বলেছি। সেটা হচ্ছে, আগামী নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকবে। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে নেই। শান্তিপূর্ণভাবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাচ্ছি আমরা।
আজ বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকের পর তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশের জন্য সহিংসতা হ্রাসের পাশাপাশি কোনো পূর্বশর্ত ছাড়া সংলাপের সুযোগ খুঁজতে সব রাজনৈতিক দলকে আমরা আহ্বান জানাচ্ছি।
পিটার হাস বলেন, এছাড়া ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে রাজনৈতিক সহিংস বক্তব্যের বিষয়টিও তুলে ধরেছি। যেটা কয়েকদিন আগে আমাদের মুখ্য উপমুখপাত্র বেদান্ত প্যাটেলও বলেছেন। আমাদের ও আমাদের নাগরিকদের নিরাপত্তার জন্য এই বক্তব্য কতটা উদ্বেগজনক, সেই কথাও বলেছি।
এদিন মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর চিঠি নিয়ে সচিবালয়ে যান পিটার হাস। চিঠিটি ওবায়দুল কাদেরকে দেন তিনি। এই চিঠিতে শর্তহীন রাজনৈতিক সংলাপের তাগিদ রয়েছে।
আরও পড়ুনঃ অগ্নিসন্ত্রাস থেকে দেশরক্ষায় প্রয়োজন একটি সাংস্কৃতিক বিপ্লব: তথ্যমন্ত্রী





