আগস্টে নাশকতার আশঙ্কায় ঢাকায় চিরুনি অভিযান: ডিএমপি
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার আশঙ্কায় পুরো আগস্ট মাসজুড়ে রাজধানী ঢাকায় চিরুনি অভিযান চলছে।
শনিবার (২ আগস্ট, ২০২৫) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম।
তিনি বলেন, “আগস্ট মাসকে ঘিরে নানা ধরনের আশঙ্কা ও শঙ্কা রয়েছে। পত্র-পত্রিকায়ও এসব বিষয় উঠে এসেছে। এই পরিস্থিতি বিবেচনায় পুলিশ পুরোপুরি তৎপর রয়েছে। আমাদের প্রতিটি টিম, থানা ও ইউনিট নিরলসভাবে কাজ করছে।”
মাসুদ আলম আরও জানান, সরকার পতনের এক বছর পূর্তিকে কেন্দ্র করে নাশকতার প্রস্তুতির তথ্য পুলিশের কাছে এসেছে। তিনি বলেন, “বর্তমানে সরাসরি কোনো হুমকি নেই। তবে কিছু রাজনৈতিক নেতার ঢাকার একাধিক ফ্ল্যাটে পতিত সরকারের কর্মীদের থাকার ব্যবস্থা রয়েছে। এসব স্থানে আমরা কঠোর নজরদারি রাখছি।”
এছাড়া, আবাসিক হোটেল, ছাত্রাবাস, মেস এবং বস্তি এলাকাগুলোকেও নজরদারির আওতায় আনা হয়েছে, যেখান থেকে গোপনে কোনো তৎপরতা চালানো হতে পারে। তিনি বলেন, “চিরুনি অভিযান ইতোমধ্যে শুরু হয়েছে এবং পুরো আগস্ট মাসজুড়ে এটি অব্যাহত থাকবে।”
সংবাদ সম্মেলনে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক প্রশ্নের জবাবে বলেন, “আগস্ট মাসে কোনো উল্লেখযোগ্য নিরাপত্তা শঙ্কা নেই। তবে সম্ভাব্য ঝুঁকি এড়াতে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি।”
পুলিশের এই অভিযানের লক্ষ্য হচ্ছে রাজধানীতে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিএমপি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে এই অভিযান পরিচালনা করছে এবং সন্দেহভাজন স্থানগুলোতে নিয়মিত তল্লাশি চালাচ্ছে। এছাড়া, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।





