অস্ট্রেলিয়ায় স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠান হ্যাক; তথ্যফাঁস বন্ধে এক কোটি ডলার দাবি হ্যাকারদের
অস্ট্রেলিয়ার সর্ববৃহৎ স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠান মেডিব্যাংক থেকে হ্যাকিং্যের মাধ্যমে তথ্যচুরির ঘটনা ঘটেছে। তথ্যফাঁস বন্ধে ১ কোটি ডলার চাঁদা চেয়েছেন হ্যাকাররা।
আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে ডার্ক ওয়েবে দেওয়া একটি ম্যাসেজে ওই পরিমাণ চাঁদা দাবি করা হয়।
এরই মধ্যে মেডিব্যাংকের গুরুত্বপূর্ণ তথ্য সংবলিত কয়েকটি নথি প্রকাশ করেছেন হ্যাকাররা। এখন তারা এ স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে মাদকাসক্তি, মানসিক স্বাস্থ্য ও এইচআইভির সেবা নেওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন।
অস্ট্রেলিয়ার গণমাধ্যমের দাবি, হ্যাক করা তথ্যগুলো প্রকাশ করতে হ্যাকাররা যে ডার্ক ওয়েব ফোরামটি ব্যবহার করছেন, সেটি রুশ গ্রুপ আরএভিলের সঙ্গে সম্পর্কযুক্ত। যদিও রুশ কর্তৃপক্ষ বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধে তারা এ বছরের শুরুতেই এ গ্রুপটি বন্ধ করে দিয়েছে।
বৃহস্পতিবার মেডিব্যাঙ্কের প্রধান নির্বাহী (সিইও) ডেভিড কজকার গ্রাহকদের কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, এ ধরনের কাজ পুরোপুরি অসম্মানজনক। অর্থোপার্জনের জন্য সমাজের সব থেকে দুর্বল মানুষদের (শারিরীক ও মানসিক রোগী) ব্যক্তিগত তথ্যের ওপর এমন হামলা নিঃসন্দেহে অমানবিক ও জঘন্য। আমরা আমাদের গ্রাহকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে যাচ্ছি। এমনকি, ডার্ক ওয়েবে যেসব গ্রাহকের তথ্য ফাঁস করা হয়েছে, তাদের সঙ্গে আমরা ভবিষ্যতেও যোগাযোগ চালিয়ে যাবো।
আরও পড়ুনঃ গম আমদানির বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ





