Home > জীবনযাপন > অনলাইন গেমে অক্ষয় কুমারের মেয়েকে অশ্লীল প্রস্তাব, অভিযুক্ত গ্রেপ্তার

অনলাইন গেমে অক্ষয় কুমারের মেয়েকে অশ্লীল প্রস্তাব, অভিযুক্ত গ্রেপ্তার

অনলাইন গেমে অক্ষয় কুমারের মেয়েকে অশ্লীল প্রস্তাব, অভিযুক্ত গ্রেপ্তার

বলিউড অভিনেতা অক্ষয় কুমারের মেয়ে নিতারা ভাটিয়া অনলাইনে গেম খেলতে গিয়ে সাইবার হয়রানির শিকার হয়েছেন। গেম চলাকালীন এক ব্যক্তি তার কাছে আপত্তিকর বার্তা পাঠিয়ে নগ্ন ছবি চান। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে মহারাষ্ট্র সাইবার সেল, পরে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম মিড ডে–র প্রতিবেদনে জানা যায়, ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ নেন অক্ষয় কুমার। কন্যার নিরাপত্তা ও মানসিক সুস্থতার কথা বিবেচনা করে তিনি সরাসরি মহারাষ্ট্র সাইবার সেলের সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ প্রযুক্তিগত অনুসন্ধান শুরু করে এবং সংশ্লিষ্ট অনলাইন অ্যাকাউন্ট শনাক্ত করতে সক্ষম হয়।

তদন্তকারীরা জানান, অনলাইন গেমিং প্ল্যাটফর্ম এখন শুধু বিনোদনের জায়গা নয়, বরং অনেক সময় শিশু-কিশোরদের জন্য ঝুঁকিপূর্ণ ক্ষেত্রেও পরিণত হচ্ছে। অচেনা পরিচয়ে যুক্ত হয়ে অনেকে ব্যক্তিগত তথ্য আদায় কিংবা অনৈতিক প্রস্তাব দেওয়ার চেষ্টা করছে। নিতারার ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র বলছে, খেলার সময় অভিযুক্ত ব্যক্তি প্রথমে সাধারণ আলাপ শুরু করে। পরে ধীরে ধীরে কথোপকথনকে ব্যক্তিগত দিকে নিয়ে গিয়ে অশ্লীল বার্তা পাঠাতে শুরু করে। একপর্যায়ে সে নিতারার কাছে নগ্ন ছবি দাবি করে। এতে পরিবার সঙ্গে সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় এবং আইনগত পদক্ষেপ শুরু হয়।

পুলিশ জানিয়েছে, ডিজিটাল ট্র্যাকিং, আইপি বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের তথ্যের ভিত্তিতে অভিযুক্তকে শনাক্ত করা হয়। এরপর তাকে গ্রেপ্তার করা হয় এবং জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, ওই ব্যক্তি এর আগে আরও কাউকে একইভাবে হয়রানি করেছেন কি না।

এই ঘটনার পর শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু সামাজিক যোগাযোগমাধ্যম নয়, অনলাইন গেমিং প্ল্যাটফর্মেও অভিভাবকদের সতর্ক থাকতে হবে। শিশু কী খেলছে, কার সঙ্গে যোগাযোগ করছে এবং কী ধরনের বার্তা পাচ্ছে—এসব বিষয়ে নিয়মিত নজরদারি জরুরি।

বিশেষজ্ঞদের মতে, সাইবার অপরাধ এখন আর শুধু অর্থনৈতিক প্রতারণায় সীমাবদ্ধ নেই; ব্যক্তিগত নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের জন্যও এটি বড় হুমকি হয়ে উঠছে। বিশেষ করে তারকাসন্তানদের ক্ষেত্রে পরিচিতির কারণে ঝুঁকি আরও বেশি হতে পারে।

Leave a Reply