সীমান্তে উত্তেজনা: আফগানিস্তানের সঙ্গে সব পথ বন্ধ করল পাকিস্তান
শনিবার (১১ অক্টোবর) গভীর রাতে আফগান সেনাদের পাকিস্তানের সীমান্ত চৌকিতে হামলার পর পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে সব প্রধান সীমান্ত পথ বন্ধ করে দিয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সপ্তাহের শুরুতে পাকিস্তানের বিমান হামলার প্রতিশোধ হিসেবে তারা এই আক্রমণ চালিয়েছে।
পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা জানান, আফগান হামলার জবাবে পাকিস্তানি বাহিনী তীব্র গোলাবর্ষণ ও পাল্টা গুলি চালিয়েছে। তাদের দাবি, এই পাল্টা হামলায় আফগান সীমান্তের বেশ কয়েকটি চৌকি ধ্বংস হয়েছে।
রোববার সকালে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও পাকিস্তানের কুররম অঞ্চলে মাঝে মাঝে গোলাগুলি চলছিল বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা।
পাকিস্তান রোববার দুটি গুরুত্বপূর্ণ সীমান্তপথ—তোরখাম ও চামান—বন্ধ করে দেয়। স্থানীয় কর্মকর্তারা জানান, এছাড়াও খারলাচি, আঙ্গুর আড্ডা ও গুলাম খান নামে তিনটি ছোট সীমান্তপথ বন্ধ রাখা হয়েছে।
কাবুল এখনো সীমান্ত বন্ধের বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার মধ্যরাতে তাদের সামরিক অভিযান শেষ হয়েছে।
রোববার তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তানের কোনো এলাকায় কোনো ধরনের হুমকি নেই।
আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের প্রায় ২,৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা স্থলবেষ্টিত আফগানিস্তানের জন্য গুরুত্বপূর্ণ। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে তালেবান সরকার পাকিস্তানবিরোধী গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে। তবে কাবুল এই অভিযোগ বরাবর অস্বীকার করে আসছে।





