“সীতাকুণ্ডে বিস্ফোরণে হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া হবে”
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় বিস্ফোরণের ঘটনায় হতাহতদের পরিবারকে আইন অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান করা হবে।
আজ রোববার রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিস্ফোরণে আহতদের দেখতে যান তিনি।
এ সময় আহতদের চিকিৎসায় যা যা করণীয়, তা করা হবে বলে জানান তিনি।
শিল্প উপদেষ্টা একই ইনস্টিটিউটে জুলাই-আগস্টে কোটা সংস্কার থেকে বৈষম্যবিরোধী ও সরকার পতনের আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতার ঘটনায় আহত ব্যক্তিদেরও দেখতে যান। তিনি তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, অতিরিক্ত সচিব ড. শাহ্ মো. হেলাল উদ্দীন, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক রায়হানা আউয়ালসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্য ১২ সেপ্টেম্বর





