সারাদেশে ডেঙ্গুতে আরও ১২ জনের প্রাণহানি
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১২ জনের মৃত্যু হয়েছে। এসময়ের মধ্যে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ১২৯ জন।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ১২৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৪৩ জন ও ঢাকার বাইরের এক হাজার ২৮৬ জন। একই সময়ে মারা যাওয়া ১২ জনের মধ্যে চারজন ঢাকার ও আটজন ঢাকার বাইরের বাসিন্দা।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৬০ হাজার ৯৬৪ জন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৭১ হাজার ৫০৩ জন ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৯০ হাজার ৪৬১ জন ভর্তি হয়েছেন।
বছরের একই সময়ে আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৫১ হাজার ২৮৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬৬ হাজার ৯৪০ জন এবং ঢাকার বাইরের ৮৪ হাজার ৩৪৩ জন।
আরও পড়ুনঃ এয়ার কন্ডিশনারের বিল সাশ্রয়ে এই নিয়মগুলো মেনে চলুন





