মসজিদে আকদ করলেন টেন মিনিট স্কুলের আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ
আনুষ্ঠানিকভাবে গাঁটছড়া বাঁধলেন দেশের সবচেয়ে বড় শিক্ষাভিত্তিক অনলাইন প্রতিষ্ঠান ‘টেন মিনিট স্কুল’-এর প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক ও একই প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষিকা মুনজেরিন শহীদ।
আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে অনেকটা সাদামাটাভাবে তাদের আকদ সম্পন্ন হয়।
আকদ অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ছাড়াও আয়মান-মুনজেরিনের আকদের সাক্ষী হতে উপস্থিত ছিলেন এ জুটির ঘনিষ্ঠজনেরা।
এর আগে মঙ্গলবার রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আয়মান-মুনজেরিন জুটির বিয়ের খবর ছড়িয়ে পড়ে। তাদের বিয়ের আমন্ত্রণপত্রের একটি কার্ডও দেখা যায় অনেককে শেয়ার করতে। তাতে যে তথ্য ছিল, তা বিবাহোত্তর সংবর্ধনার। তাহলে আয়মান-মুনজেরিনের বিয়ে কবে, তা নিয়ে জানার আগ্রহ ছিল সবার। কেউ কেউ বলছিলেন- হয়তো আগেই বিয়ে সেরে ফেলেছেন এ জুটি।
আগামী ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার সেনাকুঞ্জে হলরুমে বিবাহোত্তর সংবর্ধনার আনুষ্ঠানিকতা সারবেন এ জুটি। পরিবার, আত্মীয়-স্বজন ও টেন মিনিট স্কুলের শিক্ষক-কর্মকর্তারা এ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন।
আরও পড়ুনঃ এয়ার কন্ডিশনারের বিল সাশ্রয়ে এই নিয়মগুলো মেনে চলুন





