সাকিব-তামিম দ্বন্দ্বে টালমাটাল বাংলাদেশ ক্রিকেট
বিশ্বকাপে বিশ্রাম নিয়ে নিয়ে খেলার কথা বলেছেন তামিম ইকবাল, তার প্রতিবাদে বিশ্বকাপে অধিনায়কত্ব না করার হুমকি দিয়েছেন সাকিব আল হাসান।
মঙ্গলবার বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের মধ্যেই বিশ্বকাপের দল ঘোষণা করার কথা বিসিবির। কিন্তু সাকিব-তামিম ইস্যুতে বিসিবি সিদ্ধান্তেই আসতে পারছে না। তাই দ্বন্দ্ব মেটাতে বিসিবিতে হাজির সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। বোর্ড সভাপতি পাপন ও নির্বাচকদের সঙ্গে বৈঠকে বসেছেন সাবেক এই অধিনায়ক।
তবে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, শুধু তামিম ইস্যুতেই নয়। সত্যিই নাকি অধিনায়কত্ব ছাড়ার কথা ভাবছেন সাকিব এবং সেটা যে হঠাৎ করে গতকাল সোমবার রাতেই সে ইচ্ছে জাগ্রত হয়েছে, তা নয়। আরও আগে থেকেই নাকি সাকিবের নেতৃত্বে থাকায় অনীহা জেগেছে। সাকিব আগে থেকেই দল পরিচালনায় পুরোপুরি রাজি ছিলেন না। এমনকি নির্ভরযোগ্য সূত্রর খবর, সাকিব এশিয়া কাপের সময়ই বিশ্বকাপে নেতৃত্ব না করার ইচ্ছে পোষণ করেছিলেন।
ওদিকে তামিমের কাছের সূত্র জনিয়েছে, তামিম তার পিঠের ব্যাথা নিয়ে বিসিবির চিকিৎসকদের সাথে কথা বলেছেন । কি করলে কি হবে- তার বিশ্বকাপে খেলায় এই ব্যথা কতটা বাধা হয়ে দাড়াতে পারে? এর সমাধান কি শুধুই বিশ্রাম কি না? বিশ্রাম দিয়ে দিয়ে খেললে কি ব্যথা কম অনুভুত হবে? তামিম এমনটাই বলেছেন তাদেরকে। কোনো নির্দিষ্ট সংখ্যক ম্যাচ খেলার কথা জানাননি। আর সেটা ধরে এবং প্রতিবাদে সাকিবের বিশ্বকাপে অধিনায়কত্ব না করার হুমকির খবরও সঠিক নয়।
তবে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলার পরই সংবাদ সম্মেলনে এসে তামিম জানিয়েছিলেন, তিনি এখনও পুরোপুরি ফিট নন। ঝুঁকি এড়াতে খেলছেন না শেষ ওয়ানডে ম্যাচে। শুধু তাই নয়, সোমবার (২৫ সেপ্টেম্বর) তামিম ইকবাল জানিয়েছেন, তিনি পুরো ফিট নন। বিশ্বকাপে সব ম্যাচ খেলা তার পক্ষে সম্ভব নাও হতে পারে। অন্তত শতভাগ দিয়ে খেলতে পারবেন না।
আরও পড়ুনঃ যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রফতানি এক তৃতীয়াংশ কমেছে





