রাষ্ট্রদূতদের বিবৃতি দেয়া ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন সম্প্রতি ১৩টি দেশের রাষ্ট্রদূতরা যেভাবে বিবৃতি দিয়েছেন, রাজনৈতিক দলের মতো এমন জোটবদ্ধ হয়ে বিবৃতি দেয়া রাষ্ট্রদূতদের আচরণবিধির যে ভিয়েনা কনভেনশন আছে সেটির সুস্পষ্ট লঙ্ঘন। আমি বন্ধু রাষ্ট্রগুলোকে অনুরোধ জানাবো ভিয়েনা কনভেনশন মেনে চলার জন্য।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) প্রকাশিত ‘সাংবাদিকের স্মৃতিভাষ্যে বঙ্গবন্ধু’ সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সম্প্রচারমন্ত্রী বলেন, আমার প্রশ্ন ভারত কিংবা পাকিস্তানে যখন সহিংসতা হয় অথবা আশেপাশের অন্য দেশে যখন সহিংসতা হয় সেখানে রাষ্ট্রদূতরা এ রকম বিবৃতি দেয় না, আমাদের দেশে কেন এ ধরণের বিবৃতি দেয়া হচ্ছে? আসলে আমাদের কিছু রাজনৈতিক দল, সুশীল সমাজের কেউ কেউ এগুলো দেয়ার জন্য উস্কানি দেয়। সুতরাং রাষ্ট্রদূতদের এ ব্যাপারে প্রশ্ন তোলার আগে তাদেরকে যারা ‘প্রোভোক’ করে তারা এই ক্ষেত্রে দায়ী। তবে অবশ্যই কূটনীতির বিষয়ে রাষ্ট্রদূতদের আচরণের ক্ষেত্রেও ভিয়েনা কনভেনশন মেনে চলা প্রয়োজন।
বিএনপি মহাসচিবের দিনাজপুরে দেয়া বক্তব্য ‘সরকার পদত্যাগ না করলে আমাদের আন্দোলন শান্তিপূর্ণ থাকবে না’ এ নিয়ে প্রশ্ন করলে হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুল সাহেবের বক্তব্যে তো এটি স্পষ্ট যে, উনারা সহিংসতা করতে চায়, সহিংসতা শুরু করেছে। সহিংসতা শুরু করলে সরকার বসে থাকবে না। যারা সহিংসতা করবে, দেশে বিশৃঙ্খলা তৈরি করবে, তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে এবং একইসাথে তাদের বিরুদ্ধে আমাদের দলও জনগণকে সাথে নিয়ে মাঠে থাকবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঘোষিত লিফলেট বিতরণসহ নানা কর্মসূচি নিয়ে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আমি ফেসবুকে দেখলাম যে রিজভী সাহেব ঢাকা-১৭ আসনের একজন প্রার্থীর ব্যাপারে বলেছেন যে, ‘সে অর্ধ-পাগল, অর্ধ-শিক্ষিত’। কোনো প্রার্থীকে এ রকম অর্ধ-পাগল, অর্ধ-শিক্ষিত বলা সমীচীন নয়।
সূত্রঃ বাসস
আরও পড়ুনঃ আজ বিশ্ব দাবা দিবস





