রজনীকান্তের ‘কুলি’ বক্স অফিসে ঝড় তুললেও কমছে দর্শকের উচ্ছ্বাস
সুপারস্টার রজনীকান্ত আবারও বক্স অফিসে দাপট দেখাচ্ছেন তার নতুন সিনেমা ‘কুলি’ নিয়ে। মুক্তির প্রথম দিন থেকেই এই ছবি দর্শকদের মন জয় করেছে। আমির খান, নাগার্জুনা, উপেন্দ্র, শ্রুতি হাসানের মতো তারকাদের সমন্বয়ে নির্মিত এই সিনেমা বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৪০০ কোটি রুপিরও বেশি আয় করেছে।
তবে সাম্প্রতিক দিনগুলোতে দর্শকের উপস্থিতি কিছুটা কমে গেছে, বিশেষ করে মঙ্গলবার (১৯ আগস্ট) ভারতের বক্স অফিসে ছবিটির আয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
ভারতে ছবিটি এখন পর্যন্ত মোট ২৪৮.২৫ কোটি রুপি আয় করেছে। আন্তর্জাতিক বাজার থেকে এটি আরও ১৭.৫০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৫৩ কোটি রুপি) সংগ্রহ করেছে। এর ফলে বিশ্বব্যাপী মোট আয় ৪০০ কোটি রুপির মাইলফলক ছাড়িয়েছে। তবে সোমবার থেকে মঙ্গলবারে আয় ২৫ শতাংশ কমেছে। হিন্দি সংস্করণে ডিসকাউন্ট ডে থাকায় ২০ শতাংশ আয় বৃদ্ধি পেলেও দক্ষিণ ভারতে আয় প্রায় ৩০ শতাংশ কমেছে। প্রথম সপ্তাহ শেষে ভারতে মোট আয় ২৬০-২৬৩ কোটি রুপির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।
দিন অনুযায়ী আয়ের হিসাব:
বৃহস্পতিবার: ৭৫.৫০ কোটি রুপি
শুক্রবার: ৬৩.০০ কোটি রুপি
শনিবার: ৪৬.২৫ কোটি রুপি
রবিবার: ৪০.৫০ কোটি রুপি
সোমবার: ১৩.০০ কোটি রুপি
মঙ্গলবার: ১০.০০ কোটি রুপিমোট: ২৪৮.২৫ কোটি রুপি
‘কুলি’ মুক্তির প্রথম সপ্তাহান্তে রেকর্ডসংখ্যক দর্শক নিয়ে বক্স অফিসে ঝড় তুলেছিল। পরিচালক লোকেশ কানাগরাজের সাম্প্রতিক সাফল্য এবং ছবির বিশাল নির্মাণ ব্যয় বিবেচনায় দর্শক ও সমালোচকদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। তবে রবিবারের মধ্যে স্পষ্ট হয়ে যায় যে ছবিটি এই উচ্চ প্রত্যাশা পূরণে কিছুটা পিছিয়ে পড়ছে। বর্তমানে আয়ের হার নিম্নমুখী, এবং ছবির সাফল্য টিকিয়ে রাখতে আয়ের ধারা স্থিতিশীল হওয়া জরুরি।
ছবিটির গল্প, অ্যাকশন দৃশ্য এবং রজনীকান্তের অতুলনীয় পর্দা উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে। তারকাবহুল কাস্ট এবং লোকেশ কানাগরাজের দক্ষ পরিচালনা ছবিটিকে বাণিজ্যিকভাবে শক্তিশালী করেছে।
তবে আয়ের হ্রাস এবং প্রত্যাশার চাপে ছবির দীর্ঘমেয়াদি সাফল্য নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে। যদিও এখনও ‘কুলি’ বক্স অফিসে শক্তিশালী অবস্থান ধরে রেখেছে এবং রজনীকান্তের ভক্তদের উচ্ছ্বাসে মুখরিত প্রেক্ষাগৃহগুলো।





