যেকোনো মূল্যে শান্তি-শৃঙ্খলা রক্ষার আহ্বান তারেক রহমানের
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে স্বদেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেকোনো মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা সকলে মিলে এই নেতৃত্ব দিয়ে জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশকে গড়ে তুলতে চাই। আমাদেরকে যেকোনো মূল্যে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উসকানির মুখে আমাদেরকে শান্ত থাকতে হবে। প্রিয় ভাই-বোনেরা, আমরা দেশের শান্তি চাই। আমরা দেশের শান্তি চাই। আমরা দেশের শান্তি চাই।’
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) পূর্বাচলের জুলাই-৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) স্থাপিত গণসংবর্ধনা মঞ্চে লাখো নেতাকর্মীর উদ্দেশে দেওয়া বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, ‘একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন নারী, একজন পুরুষ, একজন শিশু যেই হোক না কেন—নিরাপদে ঘর থেকে বের হলে ইনশাল্লাহ নিরাপদে ঘরে আবার ফিরে আসতে পারে।’
তিনি আরও বলেন, ‘এই দেশের জনসংখ্যার অর্ধেক নারী, চার কোটিরও বেশি তরুণ প্রজন্মের সদস্য, ৫ কোটির মতো শিশু, ৪০ লাখের মতো প্রতিবন্ধী মানুষ রয়েছেন। কয়েক কোটি কৃষক-শ্রমিক রয়েছেন। এই মানুষগুলোর একটি প্রত্যাশা রয়েছে এই রাষ্ট্রের কাছে। এই মানুষগুলোর একটি আকাঙ্ক্ষা রয়েছে। আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হই, সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই—তাহলে আমরা এই লাখ-কোটি মানুষের সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারি ইনশাআল্লাহ।’
সকালে বিমানবন্দরে পৌঁছানোর পর তারেক রহমান পূর্বাচলে লাখো নেতাকর্মীর সংবর্ধনায় অংশ নেন। পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন এবং গুলশানের বাসভবনে যান। তাঁর প্রত্যাবর্তনে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিএনপির নেতারা জানান, তারেক রহমানের নেতৃত্বে দল আসন্ন নির্বাচনে শক্তিশালী অবস্থানে যাবে।
তাঁর এই বক্তব্যকে শান্তি ও ঐক্যের আহ্বান হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক মহল বলছে, নির্বাচনের আগে এই বার্তা দেশের রাজনৈতিক পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সহায়ক হবে।





