বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত, ফেনী সীমান্তে উত্তেজনায়
ফেনীর পরশুরাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত।
বৃহস্পতিবার (২৪ জুলাই) গভীর রাতে উপজেলার বাশপদুয়া সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. মিল্লাত হোসেন (২১) এবং মো. লিটন (৩২)। মিল্লাত পরশুরাম পৌরসভার বাশপদুয়া গ্রামের ইউছুফ মিয়ার ছেলে, আর লিটন একই গ্রামের গাছি মিয়ার ছেলে। আহত ব্যক্তি মো. আফছার (৩১)।
মিল্লাতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। অন্যদিকে, গুলিবিদ্ধ লিটনকে ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার মধ্যরাতে গুথুমা বিওপির ২১৬৪/৩এস পিলার এলাকায় কাঁটাতারের কাছে মিল্লাত, লিটন ও আফছার ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন।
এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, পরে ফেনী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাতের মৃত্যু হয়। লিটনকে বিলোনিয়া হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।
ফেনী বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, বাশপদুয়া সীমান্ত চোরাচালানের জন্য কুখ্যাত। বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় বিজিবি তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে বিএসএফের কাছে লিখিত প্রতিবাদ জানানো হবে। লিটনের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।





