বাংলাদেশর রিজার্ভ এখন ঊর্ধ্বমুখী: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বাংলাদেশে (রিজার্ভ) সংকট আছে কিন্তু আমরা তা কাটিয়ে উঠছি। ধীরে ধীরে আমরা উন্নতি করছি। একই সঙ্গে বাংলাদেশ (রিজার্ভ) এখন ঊর্ধ্বমুখী। বাংলাদেশ যে সম্ভাবনার দেশ, আমরা সেই ট্র্যাকেই ফিরে এসেছি।
আজ সোমবার সচিবালয়ে নিজ দফতরে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) আবাসিক প্রতিনিধি আর্নড হেমলিয়ারসের সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী।
বৈঠকে আলোচনার বিষয়বস্তু নিয়ে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকাল্যারাল ডেভেলপমেন্টের প্রজেক্ট কার্যক্রম চালু রয়েছে। সেখানে তারা নতুন নতুন আইডিয়া নিয়ে আসছে, সেগুলো নিয়েই আলোচনা হচ্ছে।
বৈঠকে নির্দিষ্ট কোনো বিষয়ে ফোকাস করার কথা বলা হয়েছে কি না, সংবাদকর্মীদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সে রকম কিছু নেই। তবে তারা ধীরে ধীরে উন্নয়নে কাজ করে। প্রতিবছরই আমাদের সঙ্গে তাদের আলোচনা হয়। এ বছর ইনোভেশন (উদ্ভাবনী) বিষয়ে বাংলাদেশসহ অন্য সবার সঙ্গে তাদের আলোচনা হয়েছে।
আইএফএডি বলেছে, তারা আরও সহযোগিতা চায়। সেদিক থেকে বাংলাদেশের প্রত্যাশা কী, এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, সবাই তাদের আইডিয়ার কথা বলে। বাংলাদেশে এখন অনেক ধরনের সমস্যা আছে। এর মধ্যে মার্কেটিং একটি। কৃষকের কাছ থেকে পণ্য ঢাকায় আসতে আসতে তা মধ্যস্বত্বভোগীদের হাতে চলে যায়, যা একটি বড় সমস্যা। আমরা চিন্তভাবনা করছি কীভাবে এটিকে পরিবর্তন করা যায়। আইএফএডি এখানে সব সময় আমাদের সাহায্য করে। শুধু তারা একা নয়, আমাদের অনেক ডেভেলপমেন্ট পার্টনার আছে, যেমন: জাপান, এশীয় উন্নয়ন ব্যাংক; তারাও বিভিন্ন আইডিয়া নিয়ে আসে। তারপর মিলেমিশে আমরা একটি পথ বের করে কাজ শুরু করি।
তিনি বলেন, আমরা কোনো নিদিষ্ট দেশের ওপর নির্ভরশীল না। কিন্তু আমরা সবার সঙ্গে পরামর্শ করে কাজ করি। তাদের আইডিয়া গ্রহণ করি এবং তা বড় করি। আর্থিকভাবে বিভিন্ন পার্টনার আমাদের সহায়তা করে।
আরও পড়ুনঃ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ





