“ফখরুলের পাকিস্তান আমলের প্রশংসা রাষ্ট্রদ্রোহিতার শামিল”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাকিস্তান আমলের প্রশংসা করা রাষ্ট্রদ্রোহীতার শামিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ শুক্রবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে এমন বক্তব্য রাষ্ট্রদ্রোহী বলে দাবি করে ওবায়দুল কাদের বলেন, এর মাধ্যমে বিএনপির চিরাচরিত বাংলাদেশবিরোধী অবস্থান ও স্বাধীনতাবিরোধী অপরাজনীতির গোপন অভিসন্ধির আবারও বহিঃপ্রকাশ ঘটেছে।
তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, প্রগতি ও দেশপ্রেমে বিশ্বাসী কোনো ব্যক্তি কিংবা সংগঠন এ ধরনের মহান মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী মন্তব্য করতে পারে না। বিএনপি নেতাদের এ ধরনের পাকিস্তানপ্রীতি বক্তব্য প্রমাণ করে, মহান স্বাধীনতাকে অস্বীকার করে তারা এখনো বাংলাদেশে পাকিস্তানি ধারার রাজনীতি প্রবর্তন করতে চায়।
আরও পড়ুনঃ দুষণকারী দেশগুলোর প্রতি বাংলাদেশকে সহায়তার আহ্বান জাতিসংঘ কর্মকর্তার
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, পাকিস্তান পার্লামেন্ট ও গণমাধ্যমে যখন বাংলাদেশের অগ্রসরমাণ অর্থনীতির উচ্ছ্বসিত প্রশংসা করা হচ্ছে, তখন বিএনপি মহাসচিব নির্লজ্জভাবে পাকিস্তানের দালালি করছেন। স্বাধীন বাংলাদেশে যাঁরা রাজনৈতিক ও পারিবারিকভাবে পাকিস্তানি দর্শনের রাজনীতিকে লালন করেন, তাঁরা স্বাধীনতার ৫০ বছর পর এখনো ‘পেয়ারে পাকিস্তান’ মন্ত্র জপছেন।
বিএনপি মহাসচিবের এ ধরনের বক্তব্য শুধু রাষ্ট্রদ্রোহিতার শামিলই নয়, ৩০ লাখ শহীদের রক্তের সঙ্গে বেইমানি বলেও বিবৃতিতে উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।





