প্রধানমন্ত্রীর জন্মদিনে ৭৬ জন ছাত্রীকে সাইকেল উপহার
সরকারপ্রধান শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রীহল, ইডেন কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কলেজের মেধাবী ৭৬ জন ছাত্রীর মধ্যে শিক্ষা অনুষঙ্গ হিসেবে ৭৬টি বাইসাইকেল উপহার দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এ উপহার দেওয়া হয়।
ছাত্র সংগঠনটি জানায়, অনুষ্ঠানটি সফল করতে প্রথমেই ছাত্রীদের মধ্যে বাইসাইকেল উপহারের জন্য আবেদন ফর্ম বিতরণ করা হয়। দীর্ঘ যাচাই-বাছাইের পর চূড়ান্তভাবে ৭৬ জন ছাত্রীদের মধ্যে ক্রমিক নম্বর সংবলিত টোকেন দেওয়া হয়। ৭৬ জন ছাত্রীর সবাই প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ‘জন্মদিনের শুভেচ্ছা চিঠি’ লেখে। তাদের মধ্য থেকে সেরা ১০ জনকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বই উপহার দেওয়া হয়েছে।
আরও পড়ুন : ফের নীতি সুদহার বাড়াল বাংলাদেশ ব্যাংক
অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। বিশেষ অতিথি ছিলেন শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী।





