পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে এলো আদানির বিদ্যুৎ
ভারতের আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে ৫০ মেগাওয়াটের মতো বিদ্যুৎ বাংলাদেশের জাতীয় গ্রিডে এসেছে। এসেছে বাংলাদেশে।
বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে সন্ধ্যা থেকে রাত ৯টা নাগাদ এ বিদ্যুৎ এসেছে বলে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের ঝাড়খন্ডের আদানি বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে বাংলাদেশ গ্রিডের সঙ্গে সিনক্রোনাইজ করে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এই কেন্দ্রের বিদ্যুৎ সঞ্চালনের জন্য পিজিসিবি (পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ) চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী মনাকষা থেকে রহনপুর হয়ে বগুড়া পর্যন্ত ১৩৪ কিলোমিটার দীর্ঘ ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং বগুড়ায় ৪০০/২৩০ কেভি গ্রিড উপকেন্দ্র নির্মাণ করেছে। বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ নবনির্মিত লাইন ও গ্রিড উপকেন্দ্রের মাধ্যমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের পরিমাণ কমবেশি ৫০ মেগাওয়াট।
আদানি বিদ্যুৎকেন্দ্রে কয়লার দাম বেশি ধরা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি নিষ্পত্তি না হলে সেখান থেকে বিদ্যুৎ পাওয়াও অনিশ্চয়তায় পড়েছে বলে প্রকাশিত সংবাদে জানানো হয়।
আরও পড়ুনঃ সিনেমা পারে মানুষের জীবন পাল্টে দিতে: প্রধানমন্ত্রী





