পদ্মা সেতু রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে কঠোর অভিযান: উপদেষ্টার হুঁশিয়ারি
পদ্মা সেতু এলাকায় নদী ভাঙন ঠেকাতে অবৈধ ড্রেজার বন্ধে সেনাবাহিনী ও কোস্টগার্ডের সহায়তায় কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বুধবার দুপুর ১২টার দিকে জাজিরায় পদ্মা সেতু রক্ষা বাঁধের ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে তিনি এই হুঁশিয়ারি দেন।
উপদেষ্টা বলেন, “পদ্মা নদীর গতিপথ পরিবর্তন ও অবৈধ বালু উত্তোলনের কারণে ভাঙন তীব্র হয়েছে। ড্রেজারের কারণে সেতুর আশপাশের এলাকা ঝুঁকির মুখে পড়ছে। জেলা প্রশাসককে ড্রেজার জব্দ ও মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু শ্রমিক ধরে লাভ নেই, ড্রেজার বন্ধ করতে হবে।”
তিনি আরও বলেন, “প্রয়োজনে সেনাবাহিনী ও কোস্টগার্ডের সহযোগিতায় এই অবৈধ কার্যক্রম বন্ধ করা হবে। অন্যথায় বাঁধ নির্মাণ করলেও ভাঙন রোধ হবে না।”
উপদেষ্টা জানান, জেলা প্রশাসক যদি জনস্বার্থবিরোধীভাবে ড্রেজার পরিচালনার অনুমতি দিয়ে থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।





