জাতীয় ফিচার

পদ্মা-গঙ্গার পানি অধিকার ছাড়া থামবে না আন্দোলন: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গঙ্গা-পদ্মার পানির ন্যায্য অধিকার যতদিন পর্যন্ত আদায় না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে গঙ্গা ব্যারাজ নির্মাণ করে পানি আটকে রেখে শুষ্ক মৌসুমে কৃষকদের ফসল বাঁচানো হবে। ফারাক্কা ব্যারাজের কারণে বাংলাদেশ বছরে ৩০ বিলিয়ন ঘনমিটার পানি হারাচ্ছে, যা ১০ লাখ হেক্টর কৃষিজমি শুষ্ক করে দিচ্ছে এবং মৎস্য ও পরিবেশের ক্ষতি করছে।

আজ শনিবার (১৫ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে সমন্বয় কমিটি চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে আয়োজিত গণসমাবেশ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘পানির ন্যায্য হিস্যা না পাওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। আর বিএনপি ক্ষমতায় গেলে গঙ্গা ব্যারাজ নির্মাণ করে পানি আটকে রেখে শুষ্ক মৌসুমে কৃষকদের ফসল বাঁচানো হবে।’ তিনি বলেন, আজকের সমাবেশের উদ্দেশ্য একটাই, পদ্মা বাঁচাতে হবে। দেশ বাঁচাতে হবে। ভারতকে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে। সমাবেশে ‘চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই; পদ্মা বাঁচাতে ঐক্য গড়ি; আমাদের গঙ্গা-পদ্মা, আমাদের অধিকার’ নানা স্লোগান মুখে মুখে ঘুরপাক খায়।

গণসমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থী হারুনুর রশিদের সভাপতিত্বে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শাহজাহান মিঞা, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মো. মিজানুর রহমান মিনু, বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল ইসলামসহ রাজশাহী জেলার বিভিন্ন আসনে বিএনপির মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন। সমাবেশে জেলার বিভিন্ন ইউনিটের বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বিপুলসংখ্যক স্থানীয় জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ আর কৃষির প্রধান উপাদান হচ্ছে পানি। দেশ বাঁচাতে হলে কৃষি বাঁচাতে হবে, নদী বাঁচাতে হবে। এজন্য ঐক্য গড়ে তোলার বিকল্প নেই। আগামীতে জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে তারেক রহমানের নেতৃত্বে আন্তর্জাতিক সব অধিকার আদায় করা হবে। জামায়াতকে উদ্দেশ্যে করে তিনি বলেন, আপনারা নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র করছেন তা দেশের জনগণ হতে দেবে না। কারণ দেশের মানুষ এখন নির্বাচন চায়। দেশের মানুষকে ধর্মের নামে আর বোকা বানানো যাবে না। দেশের মানুষ ধর্মকে ভালোবাসেন কিন্তু ধর্মান্ধ নয়।

এই সমাবেশ ‘সেভ পদ্মা, সেভ কান্ট্রি; বাংলাদেশ ফার্স্ট’ ক্যাম্পেইনের অংশ, যা বিএনপির ১০ দিনের জাতীয় কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত। সমাবেশে হাজারো মানুষ অংশ নেয় এবং স্লোগান দিয়ে পানি অধিকারের দাবি জানায়। বিএনপি নেতারা জানান, ভারতের সঙ্গে ৫৪টি নদীর পানি চুক্তি বাতিল করে নতুন আলোচনার দাবি করবে, যাতে বাংলাদেশ ৩৭% পানি পায়।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র