দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে স্বদেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন ও সংগ্রামের অবসান ঘটিয়ে অবশেষে দেশের মাটিতে পা রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে তাঁকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-১০২) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা। তারেক রহমান সেখানে উপস্থিত নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। ফুলের মালা দিয়ে তাঁকে বরণ করে নেন শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। এ সময় তাঁর স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানও উপস্থিত ছিলেন।
এর আগে বাংলাদেশ সময় রাত ১২টায় তারেক রহমান স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেন। বিমানবন্দর থেকে তিনি পূর্বাচল এক্সপ্রেসওয়ে হয়ে এভারকেয়ার হাসপাতাল দিয়ে গুলশানের বাসভবনে যান। পথে লাখো নেতাকর্মী তাঁকে সংবর্ধনা জানান।
দীর্ঘ নির্বাসনের অবসানে তারেক রহমানের প্রত্যাবর্তনকে বিএনপির জন্য ঐতিহাসিক মুহূর্ত আখ্যা দিয়েছেন দলীয় নেতারা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বে দল আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। বিমানবন্দরে উপস্থিত নেতাকর্মীরা উল্লাসে মেতে ওঠেন। নিরাপত্তা বাহিনীর কঠোর ব্যবস্থায় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর থেকে তারেক রহমান সেখানেই ছিলেন। গণঅভ্যুত্থানের পর তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর রায় বাতিল হলে দেশে ফেরার পথ সুগম হয়। তাঁর প্রত্যাবর্তন রাজনৈতিক মহলে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। বিএনপি নেতারা জানান, তারেক রহমানের নেতৃত্বে দল নির্বাচনে বড় জয়ের লক্ষ্যে এগিয়ে যাবে।





