ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ‘ভাইটাল রোল’ পালন করবে আনসার বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সবচেয়ে বেশি সংখ্যক নিয়োজিত থাকবে এবং তারা একটি ‘ভাইটাল রোল’ বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের পরিবহন খাতে নিজস্ব অর্থায়নে কেনা ৩১টি যানবাহন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আগামী নির্বাচনে আনসার সদস্যদের অবদান সবচেয়ে বেশি হতে চলেছে। এবারই প্রথম প্রিজাইডিং অফিসারের সঙ্গে একজন আনসার সদস্য অস্ত্রসহ মোতায়েন থাকবেন।” তিনি আরও জানান, নির্বাচনে মোট নয়দিন আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন এবং নির্বাচনের সময় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
তিনি বলেন, “দেশের নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জাতীয় উন্নয়নে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তারা নিজেদের জীবন ও স্বার্থের তোয়াক্কা না করে নিষ্ঠা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের সঙ্গে জাতির সেবায় নিয়োজিত থাকে।” দেশের সর্ববৃহৎ এই বাহিনীর সদস্যদের যাতায়াতজনিত সমস্যা সমাধানের জন্য আজকের এই পরিবহন পরিষেবা চালু করা হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা যোগ করেন, বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের নিজস্ব অর্থায়নে পরিবহন খাতে মোট ৩১টি যানবাহন কেনা হয়েছে। এটি নিঃসন্দেহে ট্রাস্টি বোর্ডের দূরদর্শী পরিকল্পনার ফল, যা বাহিনীর সদস্যদের সুযোগ-সুবিধায় নতুন মাত্রা যোগ করবে।
অস্ত্র উদ্ধারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “প্রতিদিনই অস্ত্র উদ্ধার হচ্ছে। নির্বাচন যত ঘনিয়ে আসবে, উদ্ধার অভিযান তত বাড়বে।”
এ সময় অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





