ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু; আক্রান্ত ৯৫৩
গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে ৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫৩ জন রোগী। মৃত ৬ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১ জন, রাজশাহী বিভাগের ১ জন, খুলনা বিভাগের ১ জন এবং বরিশাল বিভাগের ১ জন রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩০ জনে, এবং শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৫৪,৫৫৯ জনে।
রোববার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২২ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৩ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৬ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৯ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮ জন রোগী শনাক্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৫৪ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে মোট ৫১,৭৮৩ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬২.১০ শতাংশ পুরুষ এবং ৩৭.৯০ শতাংশ নারী।
২০২৩ সালে ডেঙ্গুতে সারাদেশে ১,৭০৫ জনের মৃত্যু হয় এবং ৩,২১,১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। ২০২৪ সালে ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু হয় এবং ১,০১,২১৪ জন হাসপাতালে ভর্তি হন।





