ছয় সপ্তাহের আগাম জামিন পেলেন প্রথম আলোর সম্পাদক
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন।
আজ রোববার বিকেলে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন।
এর আগে সকালে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর রমনা থানায় করা মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন। তার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত বুধবার মধ্যরাতে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। রাজধানীর রমনা থানায় করা এ মামলায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক (সাভারে কর্মরত) শামসুজ্জামানকেও আসামি করা হয়েছে। এছাড়া আসামিদের মধ্যে ‘সহযোগী ক্যামেরাম্যান’সহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিরাও রয়েছেন।
মামলাটির বাদী হাইকোর্টের আইনজীবী আবদুল মালেক (মশিউর মালেক)। মামলায় প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করার অভিযোগ আনেন তিনি।
আরও পড়ুনঃ “প্রতারণামূলক সংবাদ করার দায়ে শামসুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে”





