ঐতিহাসিক শান্তি চুক্তি: ট্রাম্পের নেতৃত্বে হামাস-ইসরাইল যুদ্ধের অবসান
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের উপস্থিতিতে হামাস-ইসরাইল শান্তি পরিকল্পনা চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ অক্টোবর) মিশরে আয়োজিত এক শান্তি সম্মেলনে তিনি এই চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তিতে ট্রাম্পের পাশাপাশি মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি এবং অন্যান্য বিশ্বনেতারা স্বাক্ষর করেছেন।
শান্তি সম্মেলনটি মিশরের উপকূলীয় শহর শারম আল-শেখে অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩৫ জন বিশ্বনেতা অংশগ্রহণ করেন।
গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলমান ইসরাইল-হামাস যুদ্ধের অবসান ঘটাতে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি স্বাক্ষরের পর ট্রাম্প বলেন, ‘আজ আমরা কেবল একটি যুদ্ধের সমাপ্তি ঘটাইনি, বরং মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন ইতিহাস সৃষ্টি করেছি। এটি একটি অভূতপূর্ব চুক্তি, যা শান্তির নতুন সূচনা নিয়ে আসবে।’
তবে, চুক্তির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
চুক্তি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প দৃঢ়তার সঙ্গে বলেন, ‘এই চুক্তি অবশ্যই টিকে থাকবে।’





