জাতীয় ফিচার রাজনীতি

ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করুন: নির্বাচনে নিয়ে তারেকের সতর্কবার্তা!

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চূড়ান্ত প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি সতর্ক করে বলেছেন, নির্বাচনী অনিশ্চয়তা গণতান্ত্রিক রূপান্তরকে বিপন্ন করতে পারে, কারণ জনমনে যথাসময়ে নির্বাচন হবে কি না—এ নিয়ে সন্দেহ বাড়ছে। একই সঙ্গে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার ও অপকৌশল চলছে, যা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশেও দৃশ্যমান।

রোববার (২ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানের এক হোটেলে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলের শীর্ষ নেতারা। এসময় প্রবাসী বিএনপি নেতাকর্মীদের প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণের সুবিধার্থে দলের ওয়েবসাইটে অনলাইন পেমেন্ট গেটওয়ের উদ্বোধন করেন তারেক রহমান। এই উদ্যোগের মাধ্যমে প্রবাসীরা সহজেই দলের সাথে যুক্ত থাকতে পারবেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘শিগগিরই পর্যায়ক্রমে বিভিন্ন আসনে বিএনপি মনোনীত দলীয় প্রার্থীদের নাম আমরা জানিয়ে দেব। দল যাকে যে আসনে মনোনয়ন দেবে বা দেয়, তাকে বিজয়ী করে আনার জন্য ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ দয়া করে কাজ করবেন।’

তিনি যোগ করেন, ‘মনে রাখবেন আপনাদের চারপাশে সুপ্ত আকাঙ্ক্ষা নিয়ে গুপ্ত স্বৈরাচার কিন্তু ওত পেতে রয়েছে। সুতরাং নিজেদের মধ্যে রেশারেশি, বিবাদ, বিরোধ এমন পর্যায়ে নেওয়া ঠিক হবে না যাতে করে প্রতিপক্ষ আপনাদের মধ্যকার বিরোধের সুযোগ নিতে পারে।’

ধানের শীষের বিজয়কে নিজের বিজয় হিসেবে দেখার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘প্রতি সংসদীয় আসনে বিএনপির একাধিক প্রার্থী যারা নিজ নিজ এলাকায় জনগণের সমর্থন পেতে গণসংযোগ করছেন; আপনারা সবাই কিন্তু শেষ পর্যন্ত শহীদ জিয়ার অনুসারী, খালেদা জিয়ার সৈনিক, বিএনপির কর্মী, ধানের শীষের সমর্থক। মনে রাখবেন, ধানের শীষ জিতলে আপনি জিতেছেন বা জিতছেন বা জিতবেন। বিজয়ী হবে দেশ এবং গণতন্ত্র।’

নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘স্বাধীনতার ঘোষকের প্রতি অমর্যাদা হয়, দেশ এবং জনগণের জন্য মাদার অব ডেমোক্রেসির অবদান প্রশ্নবিদ্ধ হয়, আপনারা এমন কোনো আচরণ দয়া করে করবেন না। সারাদেশে বিএনপির লাখো-কোটি সমর্থক বিব্রত হয়, আপনারা কেউ এমন কোনো আচরণ দয়া করে করবেন না। আপনারা জনগণের সঙ্গে থাকুন। জনগণকে সঙ্গে রাখুন। আপনাদের সামনে আমি সেই স্লোগানটি উচ্চারণ করতে চাই—‘ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলে-মিশে।’

প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া প্রায় চূড়ান্ত উল্লেখ করে তারেক রহমান জানান, অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত জানিয়েছে। নির্বাচন কমিশন যথাসময়ে তফসিল ঘোষণা করবে।

জনগণের বহুল প্রতীক্ষিত এ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে গণতান্ত্রিকামী জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সম্ভাব্য সব প্রস্তুতি সম্পন্ন করছে। এর অংশ হিসেবে ৩০০ সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী কিংবা সমর্থিত প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত ধাপে রয়েছে।

তিনি বলেন, ‘জনসমর্থিত এবং জনপ্রিয় দল হওয়ার কারণে প্রতিটি নির্বাচনী আসনে বিএনপির একাধিক যোগ্য প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করছেন, করাটাই স্বাভাবিক। একটি রাজনৈতিক দলের জন্য এটি অবশ্যই গৌরব এবং সম্মানের। দেশের প্রতিটি সংসদীয় আসনে বিএনপির একাধিক যোগ্য এবং জনপ্রিয় প্রার্থী থাকা সত্ত্বেও প্রত্যেককে নিশ্চয়ই মনোনয়ন দেওয়া সম্ভব নয়।’

শরিকদের প্রতি সমর্থনের কথা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন, এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এই বাস্তবতার কারণে হয়তো কিছু সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী মনোনয়ন বঞ্চিত হবেন। বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের কাছে আমাদের প্রত্যাশা—দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আপনারা এই বাস্তবতা মেনে নেবেন দয়া করে। দলের সিদ্ধান্তকেই চূড়ান্ত হিসেবে গণ্য করবেন।

আপনাদের আমি আবারও স্বাধীনতার ঘোষকের সেই কথাটি স্মরণ করিয়ে দিতে চাই—‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়’।

বিএনপির বিজয় ঠেকাতে চক্রান্তের আশঙ্কা প্রকাশ করে তারেক রহমান বলেন, ‘শুধু বিএনপির বিজয় ঠেকাতে গিয়ে পতিত, পরাজিত ও পলাতক স্বৈরাচার দেশে ফাসিবাদ কায়েম করেছিল। দেশের নির্বাচনী ব্যবস্থাকে বিগত ১৫ বছরে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল।

উদ্বেগ এবং আশ্চর্যের বিষয় হচ্ছে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশেও বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না ইনশাআল্লাহ।

পতিত, পরাজিত ও পলাতক স্বৈরাচারের শাসন আমলে জনগণের জাতীয় নির্বাচন নিয়ে কোনোই আগ্রহ ছিল না। আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জনমনে কোনো কোনো ক্ষেত্রে জিজ্ঞাসা বাড়ছে যে যথাসময়ে কি নির্বাচন হবে?’

এই বক্তব্যের মাধ্যমে তারেক রহমান দলীয় ঐক্যের ওপর জোর দিয়ে নির্বাচনী প্রস্তুতিকে আরও ত্বরান্বিত করার বার্তা দিয়েছেন। বিএনপি সূত্রে জানা গেছে, প্রার্থী তালিকা চূড়ান্ত করতে দলের অভ্যন্তরীণ কমিটিগুলো সক্রিয়ভাবে কাজ করছে, এবং শিগগিরই আসনভিত্তিক ঘোষণা আসবে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র