এইচএসসি পরীক্ষায় সুষ্ঠু পরিবেশ, প্রশ্নফাঁস রোধে তৎপর সরকার: শিক্ষা উপদেষ্টা
শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার জানিয়েছেন, ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সারা দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, প্রশ্নফাঁস রোধে সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ ও সরকারি বাঙলা কলেজ পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।
ড. আবরার বলেন, “পরীক্ষার প্রথম দিন থেকেই সব কেন্দ্রে সুশৃঙ্খল পরিবেশ বিরাজ করছে। শিক্ষার্থীরা সময়মতো কেন্দ্রে পৌঁছেছে এবং নির্ধারিত নিয়ম মেনে পরীক্ষা শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষা প্রশাসন ও সংশ্লিষ্ট সবাই মিলে এই পরিবেশ নিশ্চিত করেছে।” তিনি আরও জানান, প্রশ্নফাঁসের গুজব রোধ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সরকার কঠোর প্রস্তুতি নিয়েছে এবং এখন পর্যন্ত কোনো সমস্যার খবর পাওয়া যায়নি।
তিনি বলেন, “ডেঙ্গু ও করোনার ঝুঁকি থেকে শিক্ষার্থীদের নিরাপদ রাখতে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা পরিচালনা করা হচ্ছে। এছাড়া, ফল প্রকাশে বিলম্ব এড়াতে আমরা কাজ করে যাচ্ছি।”
পরিদর্শনকালে ভাসানটেক ও বাঙলা কলেজ কেন্দ্রের অধ্যক্ষ, কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বছর ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন। লিখিত পরীক্ষা ১০ আগস্ট পর্যন্ত চলবে।





