ইরানে ইন্টারনেট–সেবার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল
ইরানে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে চলমান বিক্ষোভ দমাতে ইন্টারনেট–সেবা নিয়ন্ত্রিত করেছে কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে ইরানে ইন্টারনেট–সেবার ওপর নিষেধাজ্ঞা শিথিল করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ‘ইরানি জনগণ যাতে বিচ্ছিন্ন ও অন্ধকারে না থাকে, তা নিশ্চিত করতে আমরা সাহায্য করতে যাচ্ছি। সফটওয়্যার নিয়ন্ত্রণ শিথিল করার ফলে আমেরিকান প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ইরানে তাদের ব্যবসা সম্প্রসারণ করতে পারবে।’
ইরানে জনপরিসরে নারীদের বাধ্যতামূলক হিজাব পরাসহ কঠোর পর্দাবিধি রয়েছে। এই বিধিগুলো কার্যকর হচ্ছে কি না, তা তদারক করে দেশটির ‘নৈতিকতাবিষয়ক’ পুলিশ। এই বিধির আওতায় নৈতিকতাবিষয়ক পুলিশের একটি দল ১৩ সেপ্টেম্বর মাশা আমিনি নামের এক তরুণীকে তেহরান থেকে আটক করে। আমিনি তাঁর পরিবারের সঙ্গে তেহরান সফরে গিয়েছিলেন।
আরও পড়ুনঃ চীনে ঘুষ নেওয়ার অপরাধে সাবেক বিচারমন্ত্রীর মৃত্যুদণ্ড
আটকের পর আমিনি থানায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে তেহরানের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এর তিন দিন পর ১৬ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর পর ইরানজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। গতকাল শুক্রবার পর্যন্ত ইরানের ৮০টি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বেশ কিছু শহরে বিক্ষোভকারীরা পুলিশ ও সরকারপন্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসব সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৩৫ জন নিহত হয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে ইরানের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রিত করা হয়েছে। ইন্টারনেট–সেবাও বন্ধ করে দেওয়া হয়েছে।






পুতিন জেনেশুনে নাগরিকদের মৃত্যুর মুখে পাঠাচ্ছেন : জেলেনস্কি - tathyasangjog
September 24, 2022[…] […]