ইউক্রেনে নতুন করে হামলা শুরু করল রাশিয়া
গত কয়েক সপ্তাহ ধরে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের অনেক এলাকা মুক্ত করেছে ইউক্রেন। এ পরিস্থিতিতে কোণঠাসা রাশিয়ার থেকে দাবি করা হয়েছিল, তারা আবার গুছিয়ে আক্রমণ শুরু করবে। তারই প্রতিফলন দেখাতে শুরু করেছে মস্কো।
আজ মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়, বিমান, ক্ষেপণাস্ত্র হামলাসহ সব দিক থেকেই রাশিয়ার সেনারা ইউক্রেনের বাহিনীর বিরুদ্ধে হামলা জোরদার করেছেন। দোনেৎস্কের পূর্বাঞ্চলে স্লোভিয়ানাস্ক ও কনস্টানটিনোভকা শহরে ইউক্রেনীয় বাহিনীর অবস্থান লক্ষ্য করে নিখুঁত হামলা চালানো হয়েছে।
আরও পড়ুনঃ ইউক্রেনে পুতিনের অভিযান ব্যর্থ: সিআইএ প্রধান
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, খারকিভ অঞ্চলে বেসামরিক লোকজনের ওপর ইউক্রেনের সেনাদের আক্রোশ দেখানোর খবর পাওয়া গেছে। লোকজনের ওপর শাস্তিমূলক নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। তাঁদের ওপর নির্যাতন চালানো ও অসদাচরণ করা হচ্ছে।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তাঁর দেশের সেনারা চলতি সেপ্টেম্বর মাসেই রাশিয়ার সেনাদের দখলে নেওয়া অঞ্চল থেকে ছয় হাজার বর্গকিলোমিটার এলাকা মুক্ত করতে সক্ষম হয়েছেন। তিনি বলেন, ইউক্রেনের সেনারা পাল্টা হামলা চালিয়ে যাচ্ছেন। দেশটির পূর্ব ও দক্ষিণে রাশিয়ার সেনাদের পিছু হটাতে সক্ষম হয়েছেন তাঁরা। তিনি ইউক্রেনের সেনাদের বীর হিসেবে অভিহিত করেন।
রাশিয়ার পক্ষ থেকেও কয়েকটি শহর ইউক্রেনের সেনাদের কাছে হারানোর বিষয়টি স্বীকার করে নেওয়া হয়েছে। সামরিক বিশেষজ্ঞরা একে ইউক্রেনের বাহিনীর গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন। মস্কোর পক্ষ থেকে বলা হচ্ছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চলে হামলা জোরদার করতে সেনাদের একত্র করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে রাশিয়ার এই পিছু হটা পরিস্থিতিকে ‘লজ্জাজনক’ বলে উপহাস করা হচ্ছে।





