আটকে থাকা টাকা ফেরত পেলেন ইভ্যালির ১৪ গ্রাহক
পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা ১ লাখ ৪৫ হাজার ৬৬৭ টাকা ফেরত পেয়েছেন ইভ্যালির ১৪ গ্রাহক।
আজ সোমবার এ তথ্য জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্র।
সূত্রের দেয়া তথ্য মতে, ১২ ফেব্রুয়ারি থেকে ইভ্যালি রিফান্ড কার্যক্রম শুরু করেছে। ধাপে ধাপে বিকাশ, নগদ ও এসএসএল-এ আটকে থাকা টাকা গ্রাহকদের রিফান্ড করা হবে।
এদিকে ইভ্যালির সবচেয়ে বেশি ১৭ কোটি ৬৯ লাখ টাকা আটকে আছে নগদে। এছাড়া বিকাশে ৪ কোটি ৯১ লাখ ও এসএসএল-এ আছে ৩ কোটি ৪০ লাখ টাকা। আরও কিছু টাকা আছে বিভিন্ন পেমেন্ট সার্ভিসে।
এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ সাঈদ আলী জানান, প্রথম ধাপে এসএসএলের মাধ্যমে কিছু টাকা পরিশোধ করা হয়েছে। দু-একদিনের মধ্যে নগদে আটকে থাকা দেড় কোটি টাকার একটি বড় পেমেন্ট রিফান্ড করা হবে।
আরও পড়ুনঃ খরার মধ্যে পড়েছে বিএনপি: ওবায়দুল কাদের





