৮ আসরের ৭ শিরোপাই ভারতীয় নারীদের দখলে
সিলেটে এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে সহজ জয়ে ৮ আসরের ৭ শিরোপাই দখলে নিলো ভারতীয় নারীরা।
আর এর মধ্য দিয়ে বাংলাদেশের চার বছরের শ্রেষ্ঠত্বের সমাপ্তিও ঘটল। ২০১৮ সালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ জিতেছিলেন সালমা খাতুন, রুমানা আহমেদরা।
একপেশে ফাইনালে আগে ব্যাট করতে নেমে নয় রানের মধ্যে চারটি উইকেট হারিয়ে বসে লংকানরা। রেনুকা সিং (৩/৫), রাজেশ্বরি গায়কোয়াড় (২/১৬) ও স্নেহ রানার (২/১৩) অবিশ্বাস্য বোলিংয়ের মুখে একটি পর্যায়ে ৪৩ রানে ৯ উইকেট হারায় সিংহলিজ নারীরা।
এরপর দশম উইকেটে ইনোকা রানাবীরা (১৮*) ও অচিনি কুলাসুরিয়ার (৬*) দৃঢ়তায় নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৬৫ রান তুলতে সমর্থ হয় শ্রীলঙ্কা।
লক্ষ্য ছোট হলেও ৩৫ রানের মধ্যে সেফালি ভার্মা ও জেমিমাহ রদ্রিগেজের উইকেট হারালেও ভারতকে ৬৯ বল বাকি থাকতেই জয় এনে দেন স্মৃতি মান্দানা।
তিনি মাত্র ২৫ বলে ৫১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। অধিনায়ক হারমানপ্রিত কউর অপরাজিত ছিলেন ১১ রানে।
উল্লেখ্য, এর আগে ২০০৪, ২০০৫-০৬, ২০০৬, ২০০৮, ২০১২ ও ২০১৬ সালে এশিয়া কাপ শিরোপা জয় করে ভারত। এবার সপ্তম শিরোপা। ৪টি টি২০ সংস্করণের, আর ৩টি ওয়ানডে সংস্করণের। শ্রীলঙ্কান নারীরা এ নিয়ে পঞ্চমবার হারলো ফাইনালে।
এশিয়ান শ্রেষ্ঠত্বের স্বাদ ভারত ছাড়া আর পেয়েছে বাংলাদেশ।
আরও পড়ুন : ফিফা র্যাংকিংয়ে ৭ ধাপ এগিয়েছে বাংলাদেশের নারী ফুটবল দল





