“৫ আগস্টের পরে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় ৯৩টি মামলা হয়েছে”
ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ৫ আগস্টের পরে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় ৯৩টি মামলা হয়েছে। ইতিমধ্যে ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। আরও যারা জড়িত রয়েছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে, এদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। বাংলাদেশে সব ধর্মের মানুষের স্ব স্ব ধর্ম পালনের অধিকার রয়েছে, যারা এ অধিকার ক্ষুণ্ন করতে চায় তাদের আইনের আওতায় আনার দায়িত্ব সরকারের।
সোমবার দুপুরে পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক, খতিব ও ইমাম মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, বহির্বিশ্বে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যতগুলো হামলার ঘটনা ঘটেছে তার একটিও ধর্মীয় উগ্রবাদের কারণে নয়, রাজনৈতিক কারণে ঘটেছে। বিপ্লবের পরে কিছু বিক্ষুব্ধ মানুষ এসব ঘটনা ঘটিয়েছে।
তিনি আরও বলেন, ‘বিভিন্ন দেশে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, অথচ তাদের দেশেই সংখ্যালঘুদের কচুকাটা করা হচ্ছে। তাদের উপাসনালয়ের নীচ থেকে শিবলিঙ্গ আবিষ্কার করা হচ্ছে।’
ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘সংস্কার শেষ হলে আমরা একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবো। একটি সমাজ গঠনে ইমাম, মুয়াজ্জিন, খতিবগণ যথাযথ ভূমিকা পালন করেন, তারা ভালো না থাকলে সমাজ ভালো থাকবে না। তাই তাদের বেতন কাঠামো তৈরি করা হচ্ছে দুটি উৎসব বোনাস প্রদানে ধর্ম মন্ত্রণালয় কাজ করছে। এ ছাড়া মসজিদের জন্যও নীতিমালা করা হচ্ছে।’





