হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, ‘এক থাকার আহ্বান’
দেশের মানুষের অধিকার আদায়ে বিভক্ত হয়ে নয়, সংখ্যালঘু সম্প্রদায়কে এক থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান ড. মুহাম্মদ ইউনূস।
ঢাকেশ্বরী মন্দিরে আজ (মঙ্গলবার) বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা।
এর আগে, দুপুর সোয়া ১২টায় হঠাৎই ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা। সেখানে তাকে স্বাগত জানান হিন্দু সম্প্রদায়ের নেতারা।
বাংলাদেশের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা মুসলমান হিসেবে নই, হিন্দু হিসেবে নই, বৌদ্ধ হিসেবে নই, মানুষ হিসেবে বিবেচিত মন্তব্য করে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, এই পরিস্থিতিতে আসার কারণটা হলো, একটা বড় রকমের বিভেদের আওয়াজ শুনছি। বিমানবন্দরে নেমেই যেটা বলেছি, এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেখানে আমরা এক পরিবার। এটা হলো মূল জিনিস।
তিনি বলেন, পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা, এটার কোনো প্রশ্নই আসে না।
তিনি জানান, সব কিছু কিন্তু পচে গেছে, এই কারণেই গোলমাল হচ্ছে। কাজেই আমাদের প্রাতিষ্ঠানিক আয়োজনগুলো ঠিক করতে হবে।
ন্যায়বিচারের প্রসঙ্গ টেনে ড. ইউনূস বলেন, আইনে কি বলা আছে এই সম্প্রদায়ের হলে এই আদালতে যাবে, ওই সম্প্রদায়ের হলে ওই আদালতে যাবে? আইন একটা, কার সাধ্য আছে সেখানে বিভেদ করে এর রকম একটা, ওর রকম একটা। এটা হতে পারে না।
এ সময় তিনি গ্রামীণ ব্যাংকের মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, সে সময় আমরা মুসলিম-হিন্দু এক সঙ্গে কাজ করেছি, সবকানে এক হয়ে গেছি।





