“সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ”
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে আমরা ব্যর্থ। আইনশৃঙ্খলা কমিটি বারবার চেষ্টা করেছে। যারা এগুলো নিয়ন্ত্রণ করে- ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমের নানা চ্যানেলকে চিঠি দেওয়া হয়েছে। তবে তারা তেমন কোনো সাড়া দেয় না।
আজ রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, এ বিষয়ে ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমের নানা চ্যানেলকে আইনশৃঙ্খলা কমিটি চিঠি দিয়েছে, কিন্তু এতে কোনো লাভ হয়নি। তাই আমরা চাই এসব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কার্যালয় বাংলাদেশে স্থাপন হোক। যেন আমরা প্রচলিত আইনের মধ্যে থেকে মিথ্যাচার নিয়ন্ত্রণ করতে পারি।
মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, তার প্রধান কারণ হিসেবে আমরা ধরেছি, তাদের কোনো হেড অফিস না থাকায় আমরা তাদের নিয়ন্ত্রণ সেভাবে করতে পারি না।
তিনি বলেন, আমাদের পাশের দেশ ভারতে এসব চ্যালেনের কার্যালয় আছে, সেখানে কোনো অন্যায় হলে জবাবদিহি করতে হয়। অথচ আমাদের দেশে ফেসবুক আইডি ব্যবহার করে মিথ্যাচার করছে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। যদি তাদের কার্যালয় থাকতো, তাহলে তাদের বিরুদ্ধে মামলা করা যেতো।
আরও পড়ুনঃ শর্ত সাপেক্ষে ভারতীয় ছবি আমদানিতে সম্মত চলচ্চিত্র পরিষদ





