শিক্ষকদের যথাযথ সম্মানী দিতে রাষ্ট্র ব্যর্থ হচ্ছে: গণশিক্ষা উপদেষ্টা
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষকদের যথাযথ সম্মানী দিতে রাষ্ট্র ব্যর্থ হচ্ছে। তাদের যথাযথ মর্যাদা দিতে যা যা করণীয় তা বর্তমান সরকার করে যাচ্ছে।
শনিবার সকালে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মাল্টিপারপাস কনফারেন্স হলে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন ও প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ প্রদান অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
গণশিক্ষা উপদেষ্টা বলেন, দেশের ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। শিক্ষকদের নামে যেনতেনভাবে মামলা দেয়ায় স্কুল পরিচালনায় বিঘ্ন ঘটছে৷
তিনি আরও বলেন, বাণিজ্যিকীকরণের কারণে শিক্ষার গুরুত্ব কমে যাচ্ছে। অনেকেই জিপিএ ফাইভ পায় কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পাসই করতে পারছে না।





